কলকাতা: আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার প্রশাসনের ভূমিকা ও অগ্নিসুরক্ষা বিধি নিয়ে কড়া সওয়াল করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুক্রবার গান্ধী মূর্তির পাদদেশে মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি স্পষ্ট জানান, কোনো দুর্ঘটনাই নিছক কাকতালীয় নয়। ভবিষ্যতে এমন ট্র্যাজেডি এড়াতে জনসমাগমস্থলগুলিতে বাধ্যতামূলক ‘ফায়ার অডিট’ করার পরামর্শ দিয়েছেন তিনি।
এদিন গান্ধী মূর্তির পাদদেশে মাল্যদান করার পর রাজ্যপাল বলেন, "যেকোনো দুর্ঘটনা ঘটলে প্রশাসনকে আরও বেশি সতর্ক হতে হয়। বিশেষ করে সর্বজনীন জায়গাগুলোতে ফায়ার অডিট করা এখন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।" তিনি আরও যোগ করেন যে, এটি এখন একে অপরের দিকে আঙুল তোলার সময় নয়, বরং সংশ্লিষ্ট বিভাগগুলির উচিত পরিস্থিতি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনাস্থলে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে অবশ্য রাজ্যপাল তা সুকৌশলে এড়িয়ে যান। তিনি জানান, একজন রাজ্যপাল হিসেবে তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলবেন।
নাজিরাবাদের ঘটনায় যখন পুলিশের ধরপাকড় এবং নিখোঁজদের সন্ধানে ডিএনএ ম্যাপিংয়ের কাজ চলছে, তখন রাজ্যপালের এই ‘ফায়ার অডিট’-এর পরামর্শ প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন