নয়াদিল্লি: ভোটের আগে ভোটারতালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে রণক্ষেত্র রাজধানীর রাজনীতি। সোমবার সকালে দিল্লির বঙ্গ ভবনে আশ্রয় নেওয়া ‘এসআইআরে ক্ষতিগ্রস্ত’ পরিবারগুলিকে দিল্লি পুলিশের হেনস্থার অভিযোগ ঘিরে নজিরবিহীন উত্তেজনা ছড়াল। এই ঘটনার খবর পাওয়ামাত্রই কোনও প্রোটোকলের তোয়াক্কা না করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বঙ্গভবনে ছুটে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশকে।
এদিন সকাল থেকেই বঙ্গ ভবন চত্বর ঘিরে ফেলে দিল্লি পুলিশের বিশাল বাহিনী। অভিযোগ ওঠে, বঙ্গ ভবনের ভিতর ঢুকে ঘরে ঘরে তল্লাশি চালায় দিল্লি পুলিশ। বলা হয়, পশ্চিমবঙ্গ থেকে আসা পরিবারগুলিকে হেনস্থা করা হচ্ছে! যাঁরা এসআইআর প্রক্রিয়ার চাপে প্রিয়জনকে হারিয়েছেন অথবা জীবিত থেকেও ভোটারতালিকায় ‘মৃত’ বলে ঘোষিত হয়েছেন, তাঁরাই নাকি দিল্লি পুলিশের হাতে হেনস্থার শিকার হন বলে অভিযোগ ওঠে।
এই খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, "দিল্লি পুলিশ বঙ্গ ভবনে ঢুকে ঘরে ঘরে সার্চ করছে। এটা আমাদের ভবন, এখানে বাংলার মানুষ থাকছেন। ওরা এটা করতে পারে না। আমাকে দুর্বল ভাবার কোনও কারণ নেই।"
দিল্লির রাজপথে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে সরব হন তৃণমূল সুপ্রিমো। তিনি মনে করিয়ে দেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলায় যান, তখন তাঁকে যথাযথ সম্মান দেওয়া হয়। অথচ, দিল্লিতে বাংলার মানুষের জন্য ‘ব্ল্যাক কার্পেট’ বিছিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের উদ্দেশে তাঁর প্রশ্ন, "দিল্লিতে যখন বিস্ফোরণ হয়, তখন পুলিশ কোথায় থাকে?"
বঙ্গ ভবনের ভিতরে গিয়ে 'আতঙ্কিত' পরিবারগুলির সঙ্গে দেখা করেন মমতা ও অভিষেক। তাঁদের অভয় দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "চিন্তা করবেন না, আমি তো আছি।" মৃতদের পরিজন এবং তালিকায় ‘মৃত’ হিসাবে নথিভুক্ত জীবিত ব্যক্তিদের আগামিকাল (মঙ্গলবার) বিকেলে একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত করানো হবে বলেও তিনি জানান।
তার আগে, এসআইআর ইস্যুতে আলোচনার জন্য আজ (সোমবার) বিকেল সাড়ে ৪টেয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তৃণমূলের প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কয়েকজনকে সঙ্গে নিয়ে কমিশনে যাবেন এবং তথ্যপ্রমাণ তুলে ধরবেন।
হিডেন স্টোরিজ নিউজ
বিষয় : পশ্চিমবঙ্গ

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন