নান্দেড়: পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার পথে অন্তরায় তিন সন্তান। তাই নিয়ম অনুযায়ী ‘যোগ্য’ হতে নিজের এক সন্তানকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মহারাষ্ট্রের নান্দেড় জেলার মুখেড় তালুকের কেরুর গ্রামের এই রোমহর্ষক ঘটনাটি গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচনের নিয়ম অনুযায়ী, দুইয়ের বেশি সন্তান থাকলে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। অভিযুক্ত যুবকের দুই কন্যা এবং এক পুত্র ছিল। তাঁর দীর্ঘদিনের ইচ্ছা ছিল গ্রাম পঞ্চায়েতের প্রধান হওয়া। কিন্তু তিন সন্তান থাকায় আইনিভাবে তিনি অযোগ্য ছিলেন। এই বাধা সরাতেই তিনি নিজের এক কন্যাকে খুনের পরিকল্পনা করেন।
পুলিশি তদন্তে জানা গেছে, গত ২৯ জানুয়ারি ওই যুবক তাঁর এক কন্যাকে বাইকে চাপিয়ে তেলঙ্গানার নিজ়ামাবাদ জেলায় নিয়ে যান। সেখানে একটি খালে শিশুটিকে ছুড়ে ফেলে দিয়ে তিনি পালিয়ে আসেন। পরে স্থানীয়রা খালে দেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। ঘটনার পর নিজেকে নির্দোষ প্রমাণ করতে ওই যুবক উল্টে থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেছিলেন।
নিহত শিশুটির ছবি বিভিন্ন থানায় ছড়িয়ে দেওয়া হলে কেরুর গ্রামের বাসিন্দারা তাকে শনাক্ত করেন। স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পারে, ওই যুবকের তিন সন্তানের মধ্যে একটি দু’দিন ধরে নিখোঁজ ছিল। সন্দেহের ভিত্তিতে পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে ভেঙে পড়েন তিনি এবং নিজের অপরাধ কবুল করেন।
তদন্তে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযুক্ত যুবক বর্তমান পঞ্চায়েত প্রধানের কাছে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময় প্রধান তাঁর একটি সন্তানকে দত্তক নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যাতে আইনি বাধা দূর হয়। কিন্তু যুবক সেই প্রস্তাবে রাজি না হয়ে চরম পথ বেছে নেন।
বর্তমানে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ এবং তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। ক্ষমতার লালসায় নিজের রক্তকে বিসর্জন দেওয়ার এই ঘটনায় স্তম্ভিত প্রশাসন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন