নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটারতালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে সংঘাত এবার দেশের শীর্ষ আদালতে চূড়ান্ত রূপ নিয়েছে। বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে সশরীরে উপস্থিত থেকে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজকের শুনানির সময়ানুক্রমিক আপডেট (৪ ফেব্রুয়ারি, ২০২৬):
দুপুর ১:৩০ - 'হোয়াটসঅ্যাপ কমিশন' কটাক্ষ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে 'হোয়াটসঅ্যাপ কমিশন' বলে কটাক্ষ করেন। তিনি অভিযোগ করেন, কমিশন ERO এবং AERO-দের সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছে এবং ৮,১০০ মাইক্রো-অবজারভার নিয়োগ করে তাঁদের হাতে ভোটারদের নাম মুছে দেওয়ার ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এর ফলে ইতিমধ্যেই প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যার মধ্যে একটা বড় অংশ মহিলা।
দুপুর ১:২০ - মুখ্যমন্ত্রীর সরাসরি আবেদন: শুনানির এক পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতির কাছে সরাসরি আর্জি জানিয়ে বলেন, "কোথাও বিচার পাচ্ছি না, দয়া করে আমাকে বলতে দিন"। তিনি পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি বর্ণনা করে ভোটারদের হয়রানির কথা তুলে ধরেন।
দুপুর ১২:৫৮ - অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি: মুখ্যমন্ত্রীর মামলাটি ৩৭ নম্বরে থাকলেও আইনজীবীদের আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত মামলাটি দ্রুত শোনার আশ্বাস দেন। মমতার আইনজীবী শ্যাম দেওয়ান দাবি করেন, ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশের কথা থাকলেও এখনও প্রায় ৬০ লক্ষ মানুষের শুনানি বাকি আছে।
সকাল ১০:২৯ - সুপ্রিম কোর্টে প্রবেশ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সকাল সাড়ে ১০টা বাজার আগেই সুপ্রিম কোর্ট চত্বরে পৌঁছে যান। তাঁর জন্য আগেই গেট পাস ইস্যু করা হয়েছিল এবং তাঁর আগমনকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেয় দিল্লি পুলিশ।
সকাল ১০:০৪ - শুনানি শুরু: প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে (বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলি) মামলার শুনানি শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আইনগত অধিকার ব্যবহার করে এই মামলায় নিজেই সওয়াল করার অনুমতি চান।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন