নয়াদিল্লি: ভারত ও মালয়েশিয়ার মধ্যে ঐতিহাসিক ও বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে আগামী ৭ ফেব্রুয়ারি দু’দিনের সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, এটি প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর তৃতীয় মালয়েশিয়া সফর। বিশেষত, ২০২৪ সালের অগস্ট মাসে ভারত ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক 'ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে' (Comprehensive Strategic Partnership) উন্নীত হওয়ার পর এটিই তাঁর প্রথম সফর।
সফরের সময় প্রধানমন্ত্রী মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসবেন। সেখানে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, সমুদ্রসীমা সহযোগিতা এবং ডিজিট্যাল প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরের সঙ্গে সামঞ্জস্য রেখে দশম 'ভারত-মালয়েশিয়া সিইও ফোরাম' (India-Malaysia CEO Forum) আয়োজিত হতে চলেছে। প্রধানমন্ত্রী সেখানে শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গেও মত-বিনিময় করবেন। মালয়েশিয়ায় বসবাসকারী প্রায় ২৯ লক্ষ ভারতীয় বংশোদ্ভূতর (যা বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রবাসী ভারতীয় গোষ্ঠী) সদস্যদের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফর দুই দেশের নেতাদের মধ্যে ব্যবসা, জ্বালানি, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং পর্যটন-সহ সামগ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতার পর্যালোচনা করার একটি বড় সুযোগ। পারস্পরিক স্বার্থ ও উন্নতির লক্ষ্যে আগামী দিনে দুই দেশ কীভাবে একযোগে কাজ করবে, এই সফর তার একটি রূপরেখা তৈরি করে দেবে বলে আশা করা হচ্ছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন