ঢাকা: বাংলাদেশের কক্সবাজারের টেকনাফে নির্বাচনী প্রচারণা ঘিরে চরম অশান্তি। ধানের শীষ প্রতীকের প্রচারে ব্যবহৃত একটি গাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনায় শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জন রোহিঙ্গা এবং তিনজন বাংলাদেশি নাগরিক।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটা নাগাদ টেকনাফ উপজেলার আলীখালী রোহিঙ্গা ক্যাম্প–এর ২৫ নম্বর ক্যাম্পের ব্লক এ/৪ এলাকায়।
গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬) এবং নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)। আহত বাংলাদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন—হ্নীলা আলীখালী এলাকার বাচ্চা মিয়া (৩৮), নূসরাত জাহান (১৮) এবং শাহাবুদ্দিন (১১)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রচারণার অংশ হিসেবে একটি ডাম্পার গাড়িতে গান-বাজনা ও নাচ চলছিল। সেই সময় প্রচুর মানুষ গাড়িটির চারপাশে ভিড় জমায়। আচমকাই পাশ থেকে অজ্ঞাতপরিচয় একদল দুষ্কৃতী জনতার দিকে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হন।
আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে আলীখালীর আইআরসি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কক্সবাজার সদর হাসপাতাল-এ স্থানান্তরিত করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। কারা হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার তদন্ত চলছে।”
এদিকে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ধানের শীষ প্রতীকের একটি প্রচারণা ট্রাক ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জনসমাগম তৈরি হয়। সেই সুযোগেই দুর্বৃত্তরা জনতার ওপর গুলি চালায়। হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।
নির্বাচনের মুখে এই গুলির ঘটনায় সীমান্তবর্তী টেকনাফে নতুন করে নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন