কলকাতা: নবম জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানী ঢাকায় সরকারি কর্মচারীদের আন্দোলন শুক্রবার কার্যত সংঘর্ষের চেহারা নেয়। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে অগ্রসর হতে গিয়ে আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে জমায়েত হন। সেখান থেকে যমুনার দিকে এগোতে চাইলে পুলিশ দফায় দফায় তাঁদের বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে সামনে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। তবে বেলা ১১টার পরেও একাংশ আন্দোলনকারী যমুনার সামনের এলাকায় কিছুক্ষণ অবস্থান করেন। পরে ফের পুলিশি ধাওয়ায় তাঁদের সরিয়ে দেওয়া হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। সেখানে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়। আন্দোলনকারীদের কয়েকজনকে আহত অবস্থায় সেখান থেকে সরিয়ে নিতে দেখা যায়। বাংলামোটর থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এই আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ-এর ব্যানারে। ব্যারিকেডের সামনে রাস্তা আটকে বিক্ষোভ চলতে থাকে। আন্দোলনকারীরা স্লোগান দেন—
“আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”,
“অফিস না রাজপথ, রাজপথ রাজপথ”,
“অবিলম্বে পে স্কেল দিতে হবে” এবং
“যমুনারে যমুনা, পে স্কেল ছাড়া যাব না।”
যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী বোরহান উদ্দিন বলেন, “নবম পে স্কেলের সব প্রক্রিয়া শেষ হলেও সরকার এখনও প্রজ্ঞাপন জারি করছে না। আমরা শুনেছি একটি রাজনৈতিক দলের আপত্তির কারণেই বিষয়টি আটকে আছে। আমরা এটা মানব না। অবিলম্বে পে স্কেল দিতে হবে।”
অন্যদিকে শাহবাগ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, সকাল ১০টার পর আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করলে আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তাঁদের সরে যেতে অনুরোধ করা হলেও না শোনায় পুলিশ জলকামান ও ধাওয়া দেয়। এরপর আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সরে যান।
এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই যমুনার সামনে ইনকিলাব মঞ্চ-এর অবস্থান কর্মসূচি চলছে। জাতিসংঘের অধীন শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে তাঁদের এই কর্মসূচি চলায় রাজধানীর রাজনৈতিক ও প্রশাসনিক উত্তেজনা আরও বেড়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন