ঢাকা: নবম পে–স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনকে ঘিরে শুক্রবার ঢাকার কেন্দ্রীয় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যমুনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি মোতায়েনের পরই ডিএমপির পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। ফলে ওই এলাকায় চারজনের বেশি জমায়েত ও মিছিল নিষিদ্ধ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
এদিকে, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকেই যমুনার সামনে অবস্থান কর্মসূচি চালাচ্ছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর সংগঠনটির পক্ষ থেকে সমর্থকদের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিষয় : বাংলাদেশ প্রফেসর ইউনূস

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন