কলকাতা: কাল থেকেই শুরু টি২০ বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগেই নানা বিতর্কে সরগরম বিশ্ব ক্রিকেট। তবে বাংলাদেশ ও পাকিস্তানের দুটি সিদ্ধান্ত রীতিমতো অবাক করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। প্রথমবার টি২০ বিশ্বকাপ নিয়ে মুখ খুলে সৌরভ স্পষ্ট জানালেন, বাংলাদেশের বয়কট সিদ্ধান্ত এবং ভারতের বিরুদ্ধে পাকিস্তানের না খেলার অবস্থান—দুটিই তাঁর কাছে বিস্ময়কর।
টি২০ বিশ্বকাপ প্রসঙ্গে সৌরভ বলেন, “জানি না কেন পাকিস্তান ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে না। এই প্রথম শুনলাম বিশ্বকাপে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।”
বাংলাদেশের বয়কট নিয়েও সরাসরি মত দেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর কথায়, “বাংলাদেশেরও বিশ্বকাপ খেলা উচিত ছিল।”
বিশ্বকাপের শক্তির সমীকরণ বিশ্লেষণ করে সৌরভ ভারতকেই এগিয়ে রাখছেন। তিনি বলেন, “এটা ঘরের মাঠে বিশ্বকাপ। ঘরের মাটিতে ভারতের সম্ভাবনা সবদিক থেকেই উজ্জ্বল।” এই কারণেই ভারতকে অন্যতম ফেভারিট হিসেবে বেছে নিয়েছেন ‘মহারাজ’।
উল্লেখ্য, শুক্রবার থেকেই শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। উদ্বোধনী দিনে ভারতের মুখোমুখি হবে আমেরিকা। একই দিনে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স-এ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় বনাম স্কটল্যান্ড ম্যাচ।
বিশ্বকাপ শুরুর আগে প্রবল ব্যস্ত ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। পিচ প্রস্তুতি থেকে শুরু করে টিকিট বিক্রি, নিরাপত্তা ও ব্যবস্থাপনার প্রতিটি দিকেই নজর রাখছেন তিনি।
সৌরভ বলেন, “১০ বছর পর ভারত টি২০ বিশ্বকাপ আয়োজন করছে। ইডেনেও দারুণ ম্যাচ হবে। ভারতের ম্যাচ আছে, সেমিফাইনাল আছে। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের মতো দল খেলবে। ইডেন পুরোপুরি তৈরি।”
২০১৬ সালের টি২০ বিশ্বকাপের অভিজ্ঞতার কথাও মনে করিয়ে দেন তিনি। বলেন, “তখন প্রবল বৃষ্টির মধ্যেও ইডেনে ভারত–পাকিস্তান ম্যাচ হয়েছিল। ইংল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল আজও মানুষের মুখে মুখে ফেরে।”
এবারও ইডেনে দর্শকদের জন্য বিশেষ চমকের পরিকল্পনা রয়েছে। সিএবির তরফে জানানো হয়েছে, আলো জ্বলার সঙ্গে সঙ্গেই লেজার শো থাকবে। তবে সুপার এইট পর্বে ভারতের ম্যাচ বা সেমিফাইনাল আয়োজন নিয়ে এখনও কিছু বিষয় চূড়ান্ত হয়নি বলেই ইঙ্গিত দিয়েছেন সৌরভ।
সব মিলিয়ে, মাঠের বাইরে বিতর্ক আর মাঠের ভিতরে প্রস্তুতির আবহে জমজমাট শুরু হতে চলেছে টি২০ বিশ্বকাপ—যেখানে ভারতের দিকে তাকিয়ে গোটা ক্রিকেট দুনিয়া।
বিষয় : বাংলাদেশ পশ্চিমবঙ্গ Pakistan IPL

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন