ফরাক্কা: পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। কিন্তু পুলিশের তৎপরতায় নষ্ট হলো না তার একটি বছর। শনিবার ভূগোলের পরীক্ষার দিনে এমনই এক মানবিক ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের ফরাক্কা।
এদিন ছিল চলতি বছরের মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। অর্জুনপুর হাই স্কুলের এক পরীক্ষার্থীর কেন্দ্র পড়েছিল নিউ ফরাক্কা হাই স্কুলে। কিন্তু কেন্দ্রে পৌঁছানোর আগেই ওই পরীক্ষার্থী মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। ছাত্রীর অসুস্থতার খবর পাওয়া মাত্রই দ্রুত সেখানে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ।
পরিস্থিতি বিচার করে পুলিশ কর্মীরা সময় নষ্ট না করে ওই পরীক্ষার্থীকে তৎক্ষণাৎ অর্জুনপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি প্রশাসনের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। পর্ষদের নিয়ম মেনে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরেই ওই ছাত্রীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয় পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ।
পুলিশের এই তাৎক্ষণিক সাহায্য ও মানবিক ভূমিকার প্রশংসা করছেন ছাত্রীর পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষ। শরীরের অসুস্থতা থাকলেও প্রশাসনের সহযোগিতায় শেষ পর্যন্ত হাসপাতালেই বসে নির্বিঘ্নে ভূগোল পরীক্ষা দিল ওই পরীক্ষার্থী।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন