রঘুনাথগঞ্জ: মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যুমিছিল যেন থামার নামই নিচ্ছে না। এবার ভিন রাজ্য কর্ণাটকের ম্যাঙ্গালোরে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত নওদা গ্রামের বাসিন্দা আহেদুল শেখ (২৪)। শনিবার সকালে তাঁর নিথর দেহ গ্রামে পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পেশায় রাজমিস্ত্রি আহেদুল মাত্র ৪৫ দিন আগে রোজগারের আশায় ম্যাঙ্গালোরে গিয়েছিলেন। সেখানে একটি নির্মাণাধীন বহুতলের দ্বিতীয় তলায় কাজ করার সময় হঠাৎই ওপর থেকে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার সকালে অ্যাম্বুলেন্সে করে আহেদুলের দেহ গ্রামে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিজনরা।
মুর্শিদাবাদ জেলায় কর্মসংস্থানের অভাবে প্রতি বছর হাজার হাজার যুবক ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন, আর মাঝেমধ্যেই ফিরছে তাঁদের কফিনবন্দি দেহ। সাম্প্রতিক অতীতে জেলা যে সমস্ত মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছে
তামিলনাড়ু: লালগোলা ব্লকের সমিরুল হক রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে প্রাণ হারান।
অন্ধ্রপ্রদেশ: ফারাক্কা ব্লকের কাদির শেখের (৩২) দেহ উদ্ধার হয় রেললাইনের পাশ থেকে। পরিবারের অভিযোগ ছিল, বকেয়া মজুরি চাওয়ায় ঠিকাদার তাঁকে পিটিয়ে খুন করেছে।
ঝাড়খণ্ড: বেলডাঙার আলাউদ্দিন শেখ (৩৭) রহস্যজনকভাবে খুনের শিকার হন, যা নিয়ে বর্তমানে এনআইএ (NIA) তদন্ত চলছে।
বারবার পরিযায়ী শ্রমিকদের এই অস্বাভাবিক মৃত্যু জেলার শিল্পহীনতা এবং কর্মসংস্থানের অভাবের কঙ্কালসার চেহারাটাকেই ফের সামনে এনে দিচ্ছে। আহেদুলের মৃত্যুর পর তাঁর অসহায় পরিবারের পাশে কে দাঁড়াবে, এখন সেই প্রশ্নই তুলছেন গ্রামবাসী ও স্থানীয় নেতৃত্ব।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন