মুর্শিদাবাদ: দিনে নয়, মাঝরাতে! স্কুটির চালকের আসনে অরিজিৎ সিং, আর ঠিক পিছনে বসে রয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান—এই দৃশ্যই এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। জিয়াগঞ্জের রাজপথে স্কুটি করে ঘোরার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
চলতি সপ্তাহে মুর্শিদাবাদ সফরে এসেছিলেন আমির খান। তাঁর সফরের মূল কেন্দ্র ছিল জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়ি ও রেকর্ডিং স্টুডিও ‘উত্তরণ’। আমির মুর্শিদাবাদ ছেড়ে গেলেও ‘আমির-জ্বর’ এখনও কাটেনি জেলাজুড়ে। জিয়াগঞ্জে অরিজিতের বাড়ি ও স্টুডিওর গলিতে প্রায় প্রতিদিনই উপচে পড়ে ভিড়—এক ঝলক আমিরকে দেখার আশায়।
স্থানীয় সূত্রের খবর, মাঝরাতে অরিজিৎ সিংয়ের স্কুটির পিছনে করেই আমির খান ঢোকেন জিয়াগঞ্জের রানী ধান্য কুমারী কলেজ চত্বরে। সঙ্গে ছিল একাধিক বাইক। কলেজের ইনডোর গেমস হলে প্রায় দেড় ঘণ্টা ব্যাডমিন্টন খেলেন দু’জন। ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন অরিজিৎ—সেই আগ্রহ থেকেই নাকি আমিরকেও সঙ্গী করা হয়। সেখানে কিছু শুটিংয়ের কাজও হয়েছে বলে জানা যাচ্ছে। এরপর রাতেই তাঁরা কলেজ চত্বর ছেড়ে বেরিয়ে যান।
আমির খানের এই আকস্মিক মুর্শিদাবাদ সফর ঘিরে জল্পনাও কম হয়নি। আচমকা মুম্বই থেকে জিয়াগঞ্জে আসার কারণ কী? কেউ বলছেন, ফের অরিজিৎকে প্লেব্যাক গাওয়ানোর জন্য রাজি করাতেই আমির এসেছিলেন। আবার কারও দাবি, ‘মহাভারত’ প্রজেক্টের জন্য গান নিয়ে আলোচনা চলছিল। ঘনিষ্ঠ সূত্র অবশ্য জানাচ্ছে, অন্য একটি ছবির গানের কাজ নিয়েই দু’জনের এই সাক্ষাৎ।
কারণ যাই হোক, আমির খানের উপস্থিতিতে মেতে উঠেছিল গোটা মুর্শিদাবাদ। কখনও ঘুড়ি উড়িয়ে, কখনও পানের দোকানে—সাধারণ মানুষের ভিড়ে মিশে যাওয়া আমিরের ছবি-ভিডিও আগেই ভাইরাল হয়েছিল। আর এবার অরিজিৎ সিংয়ের স্কুটির পিছনে বসে আমির খানের রাতের সফরের ভিডিও—সব মিলিয়ে জিয়াগঞ্জ থেকে মুম্বই, সর্বত্রই এখন একটাই আলোচনা।
বিষয় : Amir Khan Arijith Shing

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন