কলকাতা: ভারতীয় বায়ুসেনার শক্তি বহুগুণ বাড়াতে আরও এক বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। ফ্রান্স থেকে ১১৪টি Rafale যুদ্ধবিমান কেনার প্রস্তাব শীঘ্রই চূড়ান্ত হতে পারে বলে প্রতিরক্ষা সূত্রে খবর। গত কয়েক মাস ধরেই এই নিয়ে জল্পনা চলছিল। এবার সেই জল্পনায় কার্যত সিলমোহর পড়তে চলেছে।
সূত্রের দাবি, প্রতিরক্ষামন্ত্রী Rajnath Singh-এর নেতৃত্বে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ (DAC) আগামী কয়েক দিনের মধ্যেই এই প্রস্তাব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে। চলতি মাসের শেষদিকে ফরাসি প্রেসিডেন্ট Emmanuel Macron-এর ভারত সফরের ঠিক আগেই এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।
প্রসঙ্গত, গত মাসেই এই ১১৪টি রাফাল কেনার প্রস্তাব ডিফেন্স বোর্ডের তরফে প্রাথমিক অনুমোদন পেয়েছে। DAC-এর চূড়ান্ত সবুজ সংকেত মিললেই শুরু হবে প্রযুক্তিগত ও বাণিজ্যিক আলোচনা। সবকিছু পরিকল্পনামাফিক চললে কয়েক মাসের মধ্যেই চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
‘মেক ইন ইন্ডিয়া’-তে বড় সাফল্য
প্রস্তাবিত এই চুক্তির আনুমানিক মূল্য ৩.২৫ লক্ষ কোটি টাকা, অর্থাৎ প্রায় ৩৬ বিলিয়ন মার্কিন ডলার। মোট ১১৪টি রাফাল যুদ্ধবিমানের মধ্যে ১২ থেকে ১৮টি সরাসরি ফ্রান্স থেকে আনা হবে। বাকি বিমানগুলি দেশেই তৈরি করার পরিকল্পনা রয়েছে।
সূত্রের খবর, প্রায় ৮০ শতাংশ উৎপাদন দেশীয় স্তরে হবে, যার মধ্যে ৬০ শতাংশ উপকরণ ভারতেই তৈরি হবে। এই ১১৪টি বিমানের মধ্যে ৮৮টি হবে সিঙ্গেল সিটার এবং ২৬টি ডাবল সিটার রাফাল।
রাফাল কেন ‘গেম চেঞ্জার’
বর্তমানে Indian Air Force-এর হাতে রয়েছে মাত্র ২৯–৩০টি ফাইটার স্কোয়াড্রন, যেখানে অনুমোদিত সংখ্যা ৪২। এই ঘাটতির প্রেক্ষিতে রাফালের অন্তর্ভুক্তি বায়ুসেনার জন্য কার্যত ‘গেম চেঞ্জার’ হতে চলেছে বলে মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের।
উন্নত সেন্সর, মেটিওর ও SCALP-এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, নির্ভুল আঘাত হানার ক্ষমতা এবং বহুমুখী যুদ্ধদক্ষতার কারণে রাফাল ইতিমধ্যেই বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান হিসেবে পরিচিত। পশ্চিম ও উত্তর সীমান্তে চিন ও পাকিস্তান থেকে ক্রমবর্ধমান হুমকির আবহে এই বিমান ভারতীয় বায়ুসেনার প্রধান শক্তিস্তম্ভ হয়ে উঠবে বলেই মত কৌশলবিদদের।
সব মিলিয়ে, ১১৪টি রাফাল চুক্তি বাস্তবায়িত হলে তা শুধু বায়ুসেনার শক্তি বৃদ্ধিই নয়, বরং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের কৌশলগত অবস্থানকেও আরও মজবুত করবে—এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন