বড়ঞা: সিনেমার পর্দাতেও এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। কিন্তু মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার পাঁচথুপী পঞ্চায়েতের পুলিয়া কালীতলা গ্রামে যা ঘটল, তা হার মানাল যেকোনো রোমাঞ্চকর চিত্রনাট্যকেও। নিজের বর্তমান স্বামীর উপস্থিতিতেই গ্রামের এক মন্দিরে প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এক গৃহবধূ। এই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল গোটা গ্রাম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ছয়েক আগে পারিবারিকভাবে ওই গৃহবধূর বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে পাঁচ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। দীর্ঘ ছয় বছরের দাম্পত্যের পর আচমকাই ছন্দপতন ঘটে। স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং দীর্ঘদিনের গোপন প্রেমের জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
শনিবার পুলিয়া কালীতলা মন্দিরে যখন ওই গৃহবধূ তাঁর প্রেমিকের গলায় মালা পরাচ্ছেন, তখন সেখানে উপস্থিত ছিলেন তাঁর প্রথম স্বামীও। নিজের চোখের সামনে স্ত্রীকে অন্য কারো সঙ্গে ঘর বাঁধতে দেখেও শান্ত ছিলেন তিনি। গ্রামবাসীর উপস্থিতিতেই সম্পন্ন হয় এই বিবাহ প্রক্রিয়া। বড়ঞা ব্লক জুড়ে এখন এই বিয়ের ভিডিও ও ছবি ভাইরাল।
ঘটনাটি সামাজিক ও আইনি দিক থেকে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। প্রাপ্তবয়স্ক হিসেবে ওই গৃহবধূ ও তাঁর প্রেমিকের সিদ্ধান্ত ব্যক্তিগত হলেও, পাঁচ বছরের একরত্তি শিশুটির ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তা প্রকাশ করেছেন সচেতন মহল। বাবা-মায়ের এই বদলে যাওয়া সম্পর্কের সমীকরণে শিশুটির লালন-পালন ও মানসিক অবস্থার দায় কে নেবে, তা নিয়ে উঠছে প্রশ্ন।
এলাকাবাসীর একাংশের মতে, সম্পর্কের জটিলতা আধুনিক সমাজে বাড়ছে ঠিকই, কিন্তু স্বামীর উপস্থিতিতে প্রেমিকের সঙ্গে বিয়ে— এমন ঘটনা বিরল। এই ঘটনা নতুন করে ভাবতে বাধ্য করছে পারিবারিক দায়িত্ব, নীতি ও সম্পর্কের বৈধতা নিয়ে। আইনত প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না করে এই বিয়ের আইনি গ্রহণযোগ্যতা কতটা, তা নিয়ে আইনি মহলেও চলছে চর্চা।
বিষয় : murshidabad House WIfe Marriage

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন