কলকাতা: সোমবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তবে বিমান ধরার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্যের সাম্প্রতিক আইনশৃঙ্খলা এবং ভোটার তালিকা সংশোধন (SIR) ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। ব্যারাকপুরের ঘটনার প্রসঙ্গ টেনে তাঁর প্রশ্ন— "আজ কাউন্সিলর লাথি মেরে মানুষ মারছেন, এরপর কি ক্যাবিনেট মন্ত্রী কাউকে খুন করবেন?"
ব্যারাকপুরে কাউন্সিলরের হাতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে শমীকবাবু বলেন, "এটাই এখন বাংলার সামগ্রিক ছবি। ২০২১-এর নির্বাচনের পর ৫৬ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে, ২৭ জন মহিলা গণধর্ষণের শিকার হয়েছেন। বগটুইতে সংখ্যালঘুদের পুড়িয়ে মারার সময় পুলিশ দাঁড়িয়ে উৎসব করছিল।" খুনের অভিযোগে তৃণমূলের মনিরুল ইসলামকে বিজেপিতে নেওয়ার প্রসঙ্গে করা প্রশ্নের উত্তরে তিনি পালটা যুক্তি দেন, তৃণমূলই প্রথম শিখিয়েছিল সিপিএম-কে 'কোবরা'র মতো পিটিয়ে মারতে।
এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি প্রসঙ্গে বিজেপি নেতার দাবি, তৃণমূল ইচ্ছাকৃতভাবে ভুল তালিকা দিয়ে নির্বাচন করতে চাইছে। অনুপ্রবেশকারীদের তালিকায় জায়গা পাওয়া নিয়ে তীব্র উপহাস করে তিনি বলেন:
"মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিলেন, কিন্তু আমাদের ভোটার তালিকায় সাতজন 'ধৃতরাষ্ট্র' পাওয়া গেছে। তাঁদের প্রত্যেকের ১০০ জন করে সন্তান! এমন 'বীরপুরুষ'রা ৪০ বছর বয়সেই ঠাকুরদা হয়ে যাচ্ছেন এবং তাঁদের ২২ বছরের নাতিরাও ভোট দিচ্ছে। এটাই নাকি 'ফরওয়ার্ড বেঙ্গল'!"
তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের 'বাবরি মসজিদ যাত্রা' নিয়ে শমীক ভট্টাচার্যের সাফ দাবি, এটি আদতে তৃণমূলেরই 'প্ল্যান-বি'। তাঁর মতে, মানুষকে বিভ্রান্ত করতে তৃণমূল নিজেরাই এসব পরিকল্পনা করছে এবং এটি আসলে শাসকদলেরই অন্য একটি শাখা।
রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে শমীক ভট্টাচার্যের এই ঝাঁঝালো মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। দিল্লির বৈঠকে তিনি এই বিষয়গুলো তুলে ধরবেন কিনা, এখন সেটাই দেখার।
বিষয় : West Bengal samik bhattacharya

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন