পুণে: মহারাষ্ট্রের রাজনীতির ‘ভীষ্মপিতামহ’ তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শরদ পওয়ারের শারীরিক অবস্থার অবনতি। রবিবার রাত থেকে প্রবল কাশি এবং গলায় সংক্রমণের জেরে সোমবার তাঁকে পুণের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৮৫ বছর বয়সী এই নেতার অসুস্থতার খবরে এনসিপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে।
শরদ পওয়ারের ভাইপো শ্রীনিবাস পওয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, রবিবার রাত থেকেই বারামতীর বাড়িতে অসুস্থ বোধ করছিলেন পওয়ার। অনবরত কাশির পাশাপাশি তিনি বুকে চাপ ও ব্যথা অনুভব করেন। পরিস্থিতি বিবেচনা করে সোমবার সকালে তাঁকে বারামতী থেকে দ্রুত পুণের হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পুণে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান চিকিৎসক পারভেজ গ্র্যান্ট জানিয়েছেন,শরদ পওয়ারের গলায় সংক্রমণ ধরা পড়েছে। তাঁর শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য আগামী কয়েক ঘণ্টা বিভিন্ন ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা (Medical Tests) করা হবে। এখনই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়নি; পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করেই তাঁকে ভর্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বর্ষীয়ান এই নেতার বয়স এবং অতীত চিকিৎসার ইতিহাস মাথায় রেখেই চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
সম্প্রতি একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ভাইপো তথা মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারকে হারিয়েছেন শরদ পওয়ার। সেই শোক সামলে ওঠার আগেই এই শারীরিক অসুস্থতা তাঁকে আরও কাহিল করে ফেলেছে। উল্লেখ্য যে, নব্বইয়ের দশকে ক্যানসারের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছিলেন পওয়ার। তবে বয়সের ভারে ইদানীং মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন তিনি।
পুণেতে বর্তমানে জেলা পরিষদের নির্বাচনের ফল ঘোষণা চলছে। রাজনৈতিক এই ব্যস্ততার মাঝেই নেতার আরোগ্য কামনায় পুজো-অর্চনা শুরু করেছেন সমর্থকেরা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন