কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটারতালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, নথিপত্র স্ক্রুটিনির জন্য ইআরও-দের আরও বাড়তি ৭ দিন সময় দেওয়া হবে। আদালতের এই নির্দেশের ফলে আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশের যে পূর্বনির্ধারিত দিনক্ষণ ছিল, তা পিছিয়ে যাওয়া এখন নিশ্চিত।
আদালত জানিয়েছে, ইআরও এবং এইআরও-রা যাতে প্রতিটি নথি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন, তার জন্যই এই অতিরিক্ত সময়। তবে, মাইক্রো অবজারভারদের এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে না। কমিশনের সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে। তারপর ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্ক্রুটিনির কাজ।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর সূত্রে ইঙ্গিত, তালিকা প্রকাশ ২১ ফেব্রুয়ারিও সম্ভব নাও হতে পারে। কারণ, ইআরও-দের কাজের পর জেলা নির্বাচনী আধিকারিক (DEO) সেটি মূল্যায়ন করবেন এবং সবশেষে কমিশন চূড়ান্ত অনুমোদন দেবে। ফলে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের আগে নির্ভুল ভোটারতালিকা হাতে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
বিষয় : SIR SIR West Bengal

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন