কলকাতা: তেল কূটনীতিতে ধীরে ধীরে রং দেখাতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর পরিকল্পনা। ভেনেজুয়েলার তেলের উপর আমেরিকার কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এবার সেই তেল ঘিরে আগ্রহ বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশ ও বহুজাতিক তেল সংস্থার। সেই তালিকায় এবার নাম লেখাল ভারতও।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে দাবি, ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (HPCL) মিলিতভাবে প্রায় ২০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল কেনার চুক্তি সেরে ফেলেছে। আগামী এপ্রিল মাসের মধ্যেই এই নতুন বরাত অনুযায়ী ভেনেজুয়েলার তেল ভারতের হাতে পৌঁছতে পারে বলে জানা যাচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, ভারতীয় এই তেল কেনা হচ্ছে সুইৎজারল্যান্ড-ভিত্তিক ট্রেডিং সংস্থা Trafigura-র মাধ্যমে। যদিও চুক্তির গোপনীয়তার কারণে ভারতীয় তেল সংস্থাগুলি বা ট্রাফিগুরা—কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। তবে সূত্রের দাবি, চুক্তি কার্যত চূড়ান্ত।
রয়টার্স জানাচ্ছে, HPCL এই প্রথম ভেনেজুয়েলার তেল কেনার পথে হাঁটছে। অন্যদিকে, IOCL ২০২৪ সালে ভেনেজুয়েলার তেল পরিশোধন করলেও সরাসরি কেনার ক্ষেত্রে এটিই তাদের প্রথম বড় চুক্তি।
বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির সময়টাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কেনা নিয়ে ভারতের উপর আগে থেকেই অসন্তুষ্ট ওয়াশিংটন। আমেরিকার বার্তা ছিল—নয়াদিল্লি ধীরে ধীরে যেন মার্কিন নিয়ন্ত্রিত উৎস থেকে তেল কেনার দিকে ঝোঁকে। ভেনেজুয়েলার এই ডিলকে সেই কৌশলেরই বাস্তব প্রতিফলন বলে মনে করছেন একাংশ।
উল্লেখযোগ্যভাবে, গত মাসেই আমেরিকা ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-কে গ্রেফতারের পর দেশটির তেলের উপর নিয়ন্ত্রণ কায়েম করে। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল বিক্রির জন্য ট্রাফিগুরা ও ভিটলের মতো সংস্থাকে বিশেষ মার্কিন লাইসেন্সও দেয়। বর্তমানে সেই তেলই আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হচ্ছে।
যদিও ভারতীয় মহলে ভেনেজুয়েলার তেলের মান নিয়ে কিছুটা সংশয় রয়েছে। সাধারণ ধারণা, এই তেল তুলনামূলকভাবে ভারী ও কম ‘পরিষ্কার’। তবে তেল বিশেষজ্ঞদের বক্তব্য, আধুনিক শোধনাগারে পরিশোধনের পর এই তেল বাজারজাত হলে গুণমান নিয়ে আলাদা করে চিন্তার কারণ নেই।
সব মিলিয়ে, রাশিয়া-আমেরিকা-ভেনেজুয়েলা—তিন মেরুর মাঝখানে দাঁড়িয়ে ভারতের এই তেল কৌশল যে নিছক বাণিজ্যিক নয়, বরং স্পষ্ট ভূরাজনৈতিক বার্তাও বহন করছে, তা বলাই যায়।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন