বোলপুর: একদিকে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছে হাজার হাজার পড়ুয়া, আর তার ঢিল ছোড়া দূরত্বে তারস্বরে বাজছে ডিজে। চলছে বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠান। বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠে বীরভূম জেলা তৃণমূলের স্পোর্টস সেলের আয়োজিত 'নেতাজি কাপ' ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে এমনই অমানবিক ছবি ধরা পড়ল শান্তিনিকেতন সংলগ্ন এলাকায়। যা নিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা, যা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা চলাকালীন মাইক বা ডিজে বাজানো এবং যেকোনো রকম কোলাহলপূর্ণ রাজনৈতিক বা সামাজিক কর্মসূচিতে প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকে। অভিযোগ, সেই নিষেধাজ্ঞাকে কার্যত নস্যাৎ করে দিয়ে বোলপুর ডাকবাংলো মাঠে দেদার বাজছে ডিজে বক্স। মাঠ সাজানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশাল বিশাল ছবিতে। শুধু তাই নয়, সন্ধ্যায় সঙ্গীতশিল্পী কেশব দে-র অনুষ্ঠানকে কেন্দ্র করে শব্দের তাণ্ডব চরমে পৌঁছয় বলে অভিযোগ।
টুর্নামেন্টের অন্যতম আয়োজক কামরুল আলি অবশ্য দায় ঝেড়ে ফেলে জানিয়েছেন, "মাঠের বাইরে আমরা কোনো বক্স লাগাইনি। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সাউন্ড কমিয়ে দেওয়া হয়েছে।" যদিও স্থানীয় বাসিন্দা ও বিরোধী শিবিরের দাবি, সাউন্ড কমানোর দাবি কেবলই অজুহাত, বাস্তবে শব্দের দাপটে পড়াশোনা করাই দায় হয়ে দাঁড়িয়েছে পড়ুয়াদের।
এই ঘটনায় সরব হয়েছে বিজেপি ও সিপিআইএম নেতৃত্ব। সিপিআইএম জেলা সম্পাদক গৌতম ঘোষের অভিযোগ, "খেলাধুলো ভালো, কিন্তু মাধ্যমিক চলাকালীন ডিজে বাজাতে সাধারণ কাণ্ডজ্ঞানটুকু লাগে। আসলে এখানে প্রশাসন আর শাসকদল মিলেমিশে এক হয়ে গেছে।" অন্যদিকে বিজেপি শহর সভাপতি কাঞ্চন ঘোষ জানিয়েছেন, "শাসকদলের সাত খুন মাফ। আমরা কিছু করতে গেলে অনুমতি মেলে না, আর এখানে প্রশাসন ঘুমাচ্ছে। বোলপুর আইসি-র দেখা উচিত কীভাবে এটা সম্ভব হচ্ছে।"
কালীপুজোর সময় বোলপুর থানায় ডিজে বাজিয়ে নাচের ঘটনা নিয়ে আগেই বিতর্ক দানা বেঁধেছিল। এবার পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগে কাঠগড়ায় সেই বোলপুরই। বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং অবশ্য জানিয়েছেন, "পুলিশ বিষয়টি দেখছে। ডিজে চললে তা বন্ধ করে দেওয়া হবে।"
বিষয় : Bolpur

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন