মুর্শিদাবাদ: কাজ শেষ হওয়ার আগেই বেরিয়ে পড়ল সরকারি প্রকল্পের কঙ্কালসার চেহারা। মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের সাবলপুর পঞ্চায়েত এলাকায় একটি নির্মীয়মাণ পানীয় জল প্রকল্পের কংক্রিটের কাঠামো ভেঙে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই দুর্ঘটনায় কর্মরত এক মিস্ত্রি-সহ দু’জন জখম হয়েছেন। প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়ঞার ঢাকা বিচকান্দির ১৬২ নম্বর বুথে বাসিন্দাদের পানীয় জলের কষ্ট দূর করতে একটি মিনি জল প্রকল্প তৈরির কাজ চলছিল। ২০২৫-২৬ অর্থবর্ষে ২ লক্ষ ৮১ হাজার ১৫ টাকার বরাদ্দে এই প্রকল্পটি হাতে নেয় সাবলপুর পঞ্চায়েত। সোমবার ওই প্রকল্পের অধীনে নির্মিত কংক্রিটের স্তম্ভের উপর ১,০০০ লিটারের একটি প্লাস্টিকের ট্যাঙ্ক বসানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু ট্যাঙ্কটি রাখামাত্রই সেই ভার সহ্য করতে না পেরে পুরো কাঠামোটিই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
এই ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর অভিযোগ, এই প্রকল্পের কাজে অত্যন্ত নিম্নমানের সিমেন্ট ও বালি ব্যবহার করা হয়েছিল। কোনও কারিগরি পরীক্ষা বা গুণমান যাচাই ছাড়াই তড়িঘড়ি কাঠামোটি খাড়া করা হয়। তাঁদের দাবি, জনবহুল এলাকায় এই ধরনের দুর্বল নির্মাণ যে কোনও সময় বড়সড় প্রাণহানির কারণ হতে পারত। বিক্ষুব্ধ জনতা সংশ্লিষ্ট ঠিকাদারের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনা প্রসঙ্গে সাবলপুর পঞ্চায়েতের প্রধান পাপিয়া ঘোষ জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। তিনি বলেন, "এটি একটি চলমান কাজ ছিল। সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে নতুন করে কাজ সম্পন্ন করতে। সঠিকভাবে কাজ না হওয়া পর্যন্ত কোনও বিল মেটানো হবে না।" একইসঙ্গে সরকারি ইঞ্জিনিয়র পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।
তবে, সরকারি প্রকল্পে বারবার এই ধরনের 'নিম্নমানের কাজের' অভিযোগ ওঠায় অস্বস্তিতে স্থানীয় প্রশাসন। সাধারণ মানুষের করের টাকায় তৈরি হওয়া প্রকল্প কেন উদ্বোধনের আগেই ভেঙে পড়ল, তা নিয়ে তদন্তের দাবি জোরালো হচ্ছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন