কলকাতা: এসআইআর (SIR) প্রক্রিয়া শেষ হতেই বাংলায় বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেল। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, আগামী ২ মার্চ বাংলার জন্য ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। সূত্রের খবর, এবারের নির্বাচন ৩ দফায় করানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে, যা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে তৎপরতা তুঙ্গে।
কমিশন সূত্রে যে খসড়া পরিকল্পনার কথা উঠে আসছে, তাতে দেখা যাচ্ছে উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আলাদা কৌশল নেওয়া হতে পারে: উত্তরবঙ্গের ৮টি জেলায় এক দফাতেই ভোট প্রক্রিয়া সম্পন্ন করার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই দফায় ভোট হতে পারে। এর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ভোট হওয়ার কথা শোনা যাচ্ছে। অন্যদিকে মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে অন্য একদিনে ভোট হতে পারে।
অশান্তি রুখতে নির্বাচন কমিশনের বিশেষ নজর থাকছে পাঁচটি নির্দিষ্ট জেলার ওপর। কোচবিহার, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা—এই জেলাগুলিকে বিশেষ সংবেদনশীল হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।
রাজ্য নির্বাচন কমিশন ভোটের দফা কমানোর জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানালেও, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতার ওপর। ওয়াকিবহাল মহলের মতে, কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে এবং তা মোতায়েনের পরিকাঠামো কেমন হবে, তার ওপর ভিত্তি করেই দফা চূড়ান্ত হবে। স্পর্শকাতর বুথগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা কমিশনের প্রধান চ্যালেঞ্জ। পর্যাপ্ত বাহিনী পাওয়া গেলেই কেবল দফা কমানোর বিষয়ে 'গ্রিন সিগন্যাল' দেবে কমিশনের ফুল বেঞ্চ।
রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার খুব শীঘ্রই কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। সেই বৈঠক থেকেই চূড়ান্ত হবে যে বাংলা কি সত্যিই ৩ দফার ভোট দেখবে, নাকি নিরাপত্তার খাতিরে দফার সংখ্যা বাড়ানো হবে। তবে আপাতত ২ মার্চের দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক দলগুলি।
বিষয় : WestBengalElection

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন