দিল্লি: লোকসভায় বুধবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বিরোধী দলনেতা Rahul Gandhi-র বক্তব্যকে ঘিরে। শুরুটা করেন জুজুৎসু বা জুডোর প্যাঁচ ব্যাখ্যা দিয়ে। সেখান থেকেই তিনি তুলনা টানেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump-এর ট্যারিফ নীতির সঙ্গে। এই তুলনার পরই ট্রেজারি বেঞ্চ থেকে তীব্র আপত্তি ওঠে।
রাহুল যখন এপস্টিন ফাইল, আদানি-আম্বানি প্রসঙ্গ টানতে শুরু করেন, তখন একাধিকবার তাঁকে বাধা দেন লোকসভার কার্যনির্বাহী স্পিকার Jagadambika Pal। স্পিকার স্পষ্ট করে জানান, কিছু শব্দ ও মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে।
এর মধ্যেই রাহুল গান্ধীর মুখে শোনা যায়, “ভারতমাতাকে বিক্রি করতে লজ্জা করল না প্রধানমন্ত্রীর?”
এই মন্তব্যের পরেই লোকসভার নিম্নকক্ষে হট্টগোল চরমে পৌঁছয়।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ
প্রধানমন্ত্রী Narendra Modi-কে সরাসরি আক্রমণ করে রাহুল বলেন, “ননসেন্সের মতো কথা বলতে লজ্জা করে না প্রধানমন্ত্রীর? ভারতমাতাকে বিক্রি করে দিচ্ছেন, লজ্জা করে না? আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন তিনি। দেশের ১৪০ কোটি মানুষের ভবিষ্যৎ সমর্পণ করে দিয়েছেন।”
তিনি আরও দাবি করেন, “ভারতের ইতিহাসে আগে কোনও প্রধানমন্ত্রী এমনটা করেননি, আর নরেন্দ্র মোদীর পর ভবিষ্যতেও কেউ করবে বলে মনে হয় না।”
‘জুজুৎসুর প্যাঁচের মতো আত্মসমর্পণ’
রাহুল গান্ধীর মন্তব্য, জুজুৎসু বা জুডোর প্যাঁচে গলা চোক না করা হলে এভাবে কেউ আত্মসমর্পণ করে না।”
এরপরই তিনি এপস্টিন ফাইল প্রসঙ্গে আম্বানি-র নাম এবং তাঁকে পরিচয় করিয়ে দেওয়া মন্ত্রী Hardeep Singh Puri-র নাম উল্লেখ করেন। একাধিকবার বাধা দেওয়া সত্ত্বেও তাঁর বক্তব্যে ‘এপস্টিন’, ‘আম্বানি-আদানি’ এবং ‘হরদীপ সিং পুরী’ শব্দগুলি উঠে আসে।
কিরেণ রিজিজুর পাল্টা জবাব
রাহুলের বক্তব্যের কড়া জবাব দেন কেন্দ্রীয় মন্ত্রী Kiren Rijiju। তিনি বলেন, “সংসদের কোনও সদস্য বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলার আগে তা প্রমাণ করতে হয়। আপনি প্রধানমন্ত্রী সম্পর্কে ননসেন্সের মতো শব্দ ব্যবহার করছেন—এতে আমরা তীব্র আপত্তি জানাচ্ছি।”
রিজিজুর দাবি, “নরেন্দ্র মোদীর মতো শক্তিশালী প্রধানমন্ত্রী ভারত আগে কখনও পায়নি। ২০১৪ সালের আগে কংগ্রেস ভারতকে দুর্বল করে রেখেছিল। আজ দেশ এগোচ্ছে বলেই তারা সেটা সহ্য করতে পারছে না।”
লোকসভায় এই বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। আগামী দিনগুলোতে এই ইস্যু সংসদের অচলাবস্থাকে আরও দীর্ঘ করতে পারে বলেই মনে করছেন সংসদীয় পর্যবেক্ষকরা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন