মুর্শিদাবাদ: অপেক্ষার অবসান ঘটিয়ে আজ, বুধবার থেকেই মুর্শিদাবাদের বেলডাঙায় শুরু হচ্ছে বিতর্কিত ‘বাবরি মসজিদ’ (Babri Masjid) নির্মাণের কাজ। এই উপলক্ষ্যে এদিন রেজিনগরে আয়োজন করা হয়েছে এক বিশাল অনুষ্ঠানের, যেখানে ১২০০ জন হাফেজ ও মুসল্লি সমবেত কণ্ঠে কোরান পাঠ করবেন। ভরতপুরের সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর সকাল সকালই সেখানে পৌঁছে গিয়েছেন।
গত ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের আদলে মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। সেই সময় তিনি জানিয়েছিলেন, এর জন্য প্রয়োজনীয় জমিও প্রস্তুত। আজ বুধবার সেই নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। হুমায়ুন জানান, আগামী দুই বছরের মধ্যেই এই মসজিদের নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে। এছাড়াও আজ নদিয়ার পলাশি থেকে শুরু হচ্ছে এক বিশাল ‘বাবরি যাত্রা’, যা উত্তরবঙ্গে গিয়ে শেষ হবে।
উল্লেখ্য, এই মসজিদ নির্মাণের ঘোষণার পর থেকেই হুমায়ুন কবীরের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে শাসকদল তৃণমূল কংগ্রেসের। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও উস্কানিমূলক আচরণের অভিযোগে তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়। তবে দল ব্যবস্থা নিলেও নিজের সিদ্ধান্তে অনড় হুমায়ুন আজ কোমর বেঁধে নামলেন নির্মাণ কাজে।
এদিন কেবল মসজিদ নির্মাণ নয়, পারিবারিক ইস্যুতেও রণংদেহী মেজাজে ধরা দেন হুমায়ুন কবীর। তাঁর মেয়ে ও জামাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে সরাসরি চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, তাঁর মেয়ে-জামাইয়ের বিরুদ্ধে পরিকল্পিতভাবে চক্রান্ত করা হয়েছে, যা তিনি বরদাস্ত করবেন না। আগামী ১৪ ফেব্রুয়ারি ১ লক্ষ অনুগামী নিয়ে বহরমপুরে এসপি (SP) অফিস ঘেরাও করবেন তিনি।
হুমায়ুন কবীরের এই ‘বাবরি যাত্রা’ এবং মসজিদ নির্মাণকে কেন্দ্র করে মুর্শিদাবাদ ও পার্শ্ববর্তী জেলাগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।
বিষয় : murshidabad HUMAYUN KABIR MASJID TMC LEADER

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন