মুম্বই: বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদবের জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। ৯ কোটি টাকার ঋণ পরিশোধ না করার অভিযোগে এম.এস মুরলি প্রোজেক্টস প্রাইভেট লিমিটেডের করা মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত তিহাড় জেলে আত্মসমর্পণ করতে হয়েছে অভিনেতাকে। তবে বিপদের এই দিনে বলিউডের একাংশকে পাশে পেয়েছেন তিনি।
জেলবন্দি রাজপালের হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বি-টাউনের প্রথম সারির অনেক তারকা। অভিনেতার আপ্তসহায়ক গোল্ডি জানিয়েছেন, ইন্ডাস্ট্রির অনেকেই এই দুর্দিনে রাজপালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সলমন খান, অজয় দেবগন এবং বরুণ ধবন সরাসরি যোগাযোগ করেছেন। মানুষের বিপদে সবসময় পাশে থাকা সোনু সুদও রাজপালের পাশে দাঁড়িয়েছেন। ডেভিড ধবন এবং রতন নাইনও নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।
আপ্তসহায়ক গোল্ডি সংবাদমাধ্যমকে বলেন, "গোটা ইন্ডাস্ট্রি ওঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, এটাই সবচেয়ে ইতিবাচক দিক। যদিও বিপুল অঙ্কের টাকা মেটানো এক রাতের কাজ নয়, তবুও তারকাদের এই সমর্থন রাজপাল ভাইকে অনেকটা মানসিক জোর দিয়েছে।"
পরিস্থিতি খারাপ হলেও রাজপাল যাদব নিজে মানসিকভাবে ভেঙে পড়েননি বলেই দাবি তাঁর ঘনিষ্ঠ মহলের। তাঁর পরিবার অত্যন্ত শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করছে। সামনেই পরিবারের বেশ কিছু সামাজিক অনুষ্ঠান রয়েছে, তাই দ্রুত আইনি জট কাটিয়ে রাজপাল সংশোধনাগার থেকে মুক্তি পাবেন বলে আশাবাদী তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন