কলকাতা: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন এক দফায় সেরে ফেলার প্রস্তাব দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দিল্লিতে এখন তৎপরতা তুঙ্গে। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে, তার উপর ভিত্তি করেই নির্ধারিত হবে ভোটের দফা। আর, সেই বাহিনীর প্রয়োজনীয়তা খতিয়ে দেখতেই মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার ও তাঁর টিম রাজ্যের কাছে অবিলম্বে স্পর্শকাতর বুথের তালিকা চেয়ে পাঠিয়েছেন।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে। তবে, স্পর্শকাতর এলাকায় অশান্তি রুখতে অতিরিক্ত বাহিনীর প্রয়োজন হয়। কমিশন স্পষ্ট করে দিয়েছে, স্পর্শকাতর বুথ ও এলাকার সংখ্যা হাতে পাওয়ার পরই ভোটের নির্ঘণ্ট ও দফা চূড়ান্ত করা হবে। এবার এসআইআর-এর কাজের জন্য এই প্রক্রিয়া শুরু করতে কিছুটা দেরি হলেও, বর্তমানে তা শেষের পথে থাকায় কমিশন পুরোদমে কাজ শুরু করেছে। অবিলম্বে সেক্টর অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের কাজ হবে ১০-১২টি বুথ ঘুরে সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করে তালিকা তৈরি করা।
নির্বাচনী হিংসার অতীত ইতিহাস পর্যালোচনা করে কমিশন মূলত সাতটি জেলাকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে। উত্তরবঙ্গের কোচবিহার, মালদহ ও উত্তর দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও বীরভূম — এই জেলাগুলির উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে কমিশন তিন দফায় ভোট করানোর কথা ভাবছে। উত্তরবঙ্গে এক দফা এবং দক্ষিণবঙ্গকে দুই দফায় ভাগ করে ভোটগ্রহণ হতে পারে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রায় ১,১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সূত্রের খবর, জ্ঞানেশ কুমাররা সেই পরিসংখ্যান মাথায় রেখেই স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছেন। জেলাশাসকদের পাঠানো সপ্তাহভিত্তিক আইনশৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট এবং রাজ্যের দেওয়া স্পর্শকাতর বুথের তালিকার তুল্যমূল্য বিচার করেই বাহিনী ও দফার সংখ্যা চূড়ান্ত করা হবে।
ইতিমধ্যেই নির্বাচন কমিশন প্রতিটি জেলাকে অতি স্পর্শকাতর বুথগুলি আলাদা করে চিহ্নিত করার নির্দেশ দিয়েছে। কমিশন নিশ্চিত করতে চায়, বাহিনীর অপ্রতুলতার কারণে যেন কোনওভাবেই নিরাপত্তা বিঘ্নিত না হয়। স্পর্শকাতর এলাকার প্রকৃত চিত্র সামনে এলেই দিল্লির নির্বাচন সদন থেকে চূড়ান্ত ঘোষণা করা হবে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন