ঢাকা ও নয়াদিল্লি: বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে বড় জয়ের পথে বিএনপি। গণনায় জয়ের ইঙ্গিত স্পষ্ট হতেই বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
শুক্রবার সকালে সমাজমাধ্যমে ইংরেজি ও বাংলায় পোস্ট করে তারেক রহমানকে ‘আন্তরিক অভিনন্দন’ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর বার্তায় লেখেন, "বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপি-র নির্ণায়ক জয়ে নেতৃত্বে দেওয়ার জন্য তারেক রহমানকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।"
ভারত-বাংলাদেশ বহুমুখী সম্পর্ককে আরও মজবুত করার আহ্বান জানিয়ে মোদী আরও বলেন যে, অভিন্ন উন্নয়নের লক্ষ্যে তিনি বাংলাদেশের নতুন নেতৃত্বের সাথে একযোগে কাজ করতে প্রত্যাশী। এছাড়া, গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের পক্ষে ভারত তার সমর্থন বজায় রাখবে বলেও তিনি জানান।
ঐতিহাসিক এই বিজয়ের জন্য ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে। দূতাবাসের বার্তায় বলা হয়েছে, "একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন।" দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে ওয়াশিংটন তারেক রহমানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
নির্বাচনী ফলাফল একনজরে:
মোট আসন: ২৯৯টি (শেরপুর-৩ আসনে ভোট স্থগিত)।
বিএনপি: আপাতত ১৭৯টি আসনে জয়ী বা এগিয়ে (একক সংখ্যাগরিষ্ঠতার পথে)।
জামায়াতে ইসলামী: ৬৮টি আসনে এগিয়ে।
অন্যান্য: ৭টি আসন।
সরকার গঠনের ম্যাজিক ফিগার: ১৫১।
বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দিকে এগিয়ে যাওয়ায় প্রয়াত খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হতে চলেছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন