কলকাতা: সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন, আর তারপরই কলকাতার পুরভোট। এই আবহে নিজের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য কলকাতা পুরনিগমের যে বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে ১১৪.৭২ কোটি টাকার ঘাটতি। তবে, বিগত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখা গিয়েছে, ঘাটতি দিয়ে শুরু করলেও বছর শেষে লাভের মুখ দেখছে পুর-কোষাগার।
চলতি ২০২৫-২৬ অর্থবর্ষে কলকাতা পুরনিগমের বাজেট বরাদ্দে আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৫৫২৪.৮৪ কোটি টাকা। অন্যদিকে, নাগরিক পরিষেবা ও প্রশাসনিক কাজে ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬৩৯.৫৬ কোটি টাকা। ফলে, প্রাথমিকভাবে ১১৪.৭২ কোটি টাকার একটি ঘাটতি বাজেট পেশ করেছেন মেয়র।
ঘাটতি বাজেট পেশ করলেও গত দুই অর্থবর্ষের পরিসংখ্যান পুরনিগমের জন্য যথেষ্ট আশাব্যাঞ্জক। দেখা গিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষের শুরুতে ১২৬.৪০ কোটি টাকার ঘাটতি থাকলেও বছর শেষে তা ৩৫১.৪৯ কোটি টাকার উদ্বৃত্তে পরিণত হয়েছে। এবং ২০২৩-২৪ অর্থবর্ষে বছর শেষে কোষাগারে ৩২০.৩০ কোটি টাকা উদ্বৃত্ত ছিল। এই ধারা বজায় থাকলে চলতি বছরের ঘাটতিও আগামী দিনে মুনাফায় বদলে যাবে বলে আশাবাদী পুর-কর্তৃপক্ষ।
নির্বাচনী বর্ষকে সামনে রেখে মেয়রের এবারের বাজেটে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বস্তি উন্নয়নের উপর। পুরনিগম সূত্রের খবর, ‘উত্তরণ’ প্রকল্পের মাধ্যমে শহরের বস্তি এলাকাগুলির পরিকাঠামো আমূল বদলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর পাশাপাশি বাজেটের অগ্রাধিকারের তালিকায় রয়েছে - শহরের রাস্তার মানোন্নয়ন এবং আলোকসজ্জায় বিশেষ বরাদ্দ, বরাবরের মতো এবারও পরিশ্রুত পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতিকে বাজেটের অন্যতম স্তম্ভ হিসাবে রাখা হয়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন পরিষেবা যাতে বিঘ্নিত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।
মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের দ্বিতীয় টার্মের এটিই শেষ বাজেট। ফলে, এই বাজেটের সফল রূপায়ণের উপর নির্ভর করছে আসন্ন নির্বাচনগুলিতে শাসকদলের ভাবমূর্তি। ঘাটতি বাজেটের মাধ্যমে উন্নয়নমূলক কাজের গতি বজায় রাখা এবং বছর শেষে উদ্বৃত্ত তহবিল তৈরি করার যে কৌশল পুরনিগম নিয়েছে, তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
কলকাতার সামগ্রিক উন্নয়নে ঘাটতি কোনও বাধা হবে না বলেই মনে করছে পুর-প্রশাসন। এখন দেখার, বস্তি উন্নয়ন আর পানীয় জলের এই ‘মডেল’ কলকাতা তথা বিধানসভা নির্বাচনে শাসকদলের জন্য কতটা স্বস্তি নিয়ে আসে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন