দিল্লি/ঢাকা: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-র নিরঙ্কুশ জয়ের পর রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন হাওয়া। ২০০-এর বেশি আসনে জয় নিশ্চিত হতেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই সেই আলাপচারিতার নির্যাস তুলে ধরেন। তিনি জানান,
"তারেক রহমানের সঙ্গে কথা বলে আমি আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে এই অসাধারণ জয়ের জন্য আমি তাঁকে অভিনন্দন জানাই। বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তাঁর প্রচেষ্টায় ভারতের পূর্ণ সমর্থন থাকবে।"
সকালে এক্স (X) পোস্টে অভিনন্দন জানানোর পর সরাসরি ফোন করা—কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি ভারত-বাংলাদেশ সম্পর্কের এক নতুন মোড়। মোদী তাঁর বার্তায় পরিষ্কার করেছেন যে, ভারত বরাবরের মতো একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের পাশে থাকবে। দ্বিপাক্ষিক উন্নয়নের স্বার্থে দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। দুই দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
বিগত দুই বছর ধরে দুই দেশের সম্পর্কে যে একধরণের স্থবিরতা বা অস্বস্তি লক্ষ্য করা গিয়েছিল, মোদীর এই স্বতঃস্ফূর্ত উদ্যোগে সেই 'বরফ গলার' ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশও দিল্লির সাথে সুসম্পর্ক বজায় রাখতে ইতিবাচক সাড়া দেবে বলেই আশা করা হচ্ছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন