ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এল। বর্তমানে আদিয়ালা জেলে বন্দি তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধানের ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫ শতাংশ নষ্ট হয়ে গিয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ আইনজীবী (অ্যামিকাস কিউরি) সলমন সফদর একটি রিপোর্টে জানিয়েছেন, জেলের মধ্যে ‘পরিকল্পিত এবং অমানবিক’ অবহেলার শিকার হয়েছেন ৭৩ বছর বয়সি এই জননেতা। অভিযোগের তির সরাসরি পাকিস্তানের সামরিক বাহিনী ও ‘ডিপ স্টেট’-এর দিকে।
এনডিটিভি-র হাতে আসা ওই রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে আদিয়ালা জেলে একক কারাবাসে (Solitary Confinement) রয়েছেন ইমরান খান। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তাঁর দুই চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কিন্তু, পরবর্তী কয়েক মাস ধরে তিনি চোখে ঝাপসা দেখার অভিযোগ করলেও জেল কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। শেষ পর্যন্ত তাঁর ডান চোখে রক্ত জমাট বেঁধে (Blood Clot) পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। যখন পিমস (PIMS) হাসপাতালের চিকিৎসককে ডাকা হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। বর্তমানে তাঁর ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে।
রিপোর্টে সলমন সফদর জানিয়েছেন, জেল পরিদর্শনের সময় তিনি ইমরানকে অত্যন্ত বিমর্ষ থাকতে ও শারীরিক কষ্টে ভুগতে দেখেছেন। চোখ দিয়ে ক্রমাগত জল পড়ছিল তাঁর। প্রাক্তন প্রধানমন্ত্রীর অভিযোগ, গত দুবছরে তাঁর কোনও ডেন্টাল চেকআপ বা দন্তচিকিৎসা করানো হয়নি। বয়সজনিত কারণে নিয়মিত রক্ত পরীক্ষার প্রয়োজন থাকলেও তা করানো হয়নি। ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে দেখা করার অনুমতিও দেওয়া হয়নি।
ইমরান খানের উপর মানসিক চাপ বাড়াতে তাঁকে পরিবার ও আইনি পরামর্শদাতাদের থেকেও দূরে সরিয়ে রাখা হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। আদালত নির্দেশ দিলেও তাঁকে তাঁর বোনেদের সঙ্গে নিয়মিত দেখা করতে দেওয়া হয়নি। ২০২৫ সালে নিজের দুই ছেলের সঙ্গে মাত্র দু’বার ফোনে কথা বলার সুযোগ পেয়েছেন তিনি। বর্তমানে তাঁর স্ত্রীর সঙ্গে সপ্তাহে মাত্র ৩০ মিনিটের জন্য দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়াও, গত পাঁচ মাস ধরে প্রধান আইনজীবী বা আইনি দলের সদস্যদের সঙ্গে ইমরানকে দেখা করতে দেওয়া হয়নি, যা তাঁর আত্মপক্ষ সমর্থনের অধিকারকে খর্ব করছে।
সংশ্লিষ্ট রিপোর্টের শেষে কড়া সর্তবার্তা দিয়ে সলমন সফদর জানিয়েছেন, এরপর আরও বিলম্ব হলে ইমরান খানের জীবন ও স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। অবিলম্বে চক্ষু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের অনুমতি দেওয়ার সুপারিশ করেছেন তিনি।
ইমরানপন্থীদের দাবি, এই রিপোর্ট প্রমাণ করে দিচ্ছে যে পাকিস্তানের ক্ষমতাশালী সামরিক গোষ্ঠী জনপ্রিয় এই জননেতাকে শারীরিকভাবে পঙ্গু এবং মানসিকভাবে ভেঙে দেওয়ার নীল নকশা তৈরি করেছে। জেলের অন্ধকূপে বর্তমানে স্রেফ ‘বেঁচে থাকার ন্যূনতম রসদটুকু’ চেয়েই দিন গুনছেন একদা দাপুটে এই রাষ্ট্রনায়ক।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন