ভারত কি সত্যিই রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবি ঘিরে যখন আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলন থেকে কড়া ও স্পষ্ট বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
জয়শঙ্কর সাফ জানিয়েছেন, ভারত তার বিদেশনীতিতে পুরোপুরি স্বাধীন। এটি ভারতের ইতিহাস এবং জাতীয় ঐক্যের প্রতীক। কোনো বিদেশি চাপের কাছে মাথা নত করে ভারত সিদ্ধান্ত নেয় না। বাণিজ্য নীতি বা তেল আমদানি—সব ক্ষেত্রেই ভারত নিজের জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে। জ্বালানির বাজার অত্যন্ত কঠিন, তাই ভারত সবসময় একাধিক উৎস খোলা রাখার পক্ষেই সওয়াল করে। রাশিয়ার থেকে তেল কেনা কমবে কি না, সেই প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী বিষয়টিকে বাণিজ্যিক সংস্থাগুলির ওপর ছেড়েছেন। সংস্থাগুলি তাদের লাভ-ক্ষতি বিচার করেই বাণিজ্যিক সিদ্ধান্ত নেবে। ট্রাম্প প্রশাসন দাবি করেছিল ভারত রুশ তেল কেনা বন্ধ করায় শুল্ক প্রত্যাহার করা হয়েছে। কিন্তু জয়শঙ্কর বুঝিয়ে দিলেন, ভারতের জ্বালানি নিরাপত্তা কোনো নির্দিষ্ট দেশের বাধ্যবাধকতার ওপর নির্ভরশীল নয়।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার থেকে কম দামে তেল কিনে নিজেদের অর্থনীতিকে স্থিতিশীল রেখেছে ভারত। ট্রাম্পের দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর শুল্কের খাঁড়া ঝুলিয়ে চাপ সৃষ্টির চেষ্টা হলেও, ভারত তার ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতিতে অটল।
ভারতের এই অনড় অবস্থান বিশ্বমঞ্চে নয়া দিল্লির ক্রমবর্ধমান শক্তিরই বহিঃপ্রকাশ।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন