চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের ধাক্কা কি এতটাই প্রবল যে অঙ্কই গুলিয়ে গেল পাকিস্তানের? কলম্বোর মাঠে ভারতের কাছে ৬১ রানে পর্যুদস্ত হওয়ার পর অদ্ভুত এক ভুল করে বসলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। আইসিসি টুর্নামেন্টের ফর্ম্যাট ভুলে ‘সুপার এইট’-কে বলে ফেললেন ‘সুপার ফোর’! তাঁর এই মন্তব্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।
রবিবার ভারতের ১৭৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। হারের পর দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে সলমন বলেন, “আমাদের সামনে আরও একটা ম্যাচ আছে। সেই ম্যাচটা জিতে আমরা সুপার ফোরে উঠতে চাই। সেখান থেকে আবার নতুন লড়াই শুরু হবে।”
উল্লেখ্য, চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের পর রয়েছে সুপার এইট পর্যায়। সেখান থেকে দলগুলো যাবে সেমিফাইনালে। ‘সুপার ফোর’ বলে কোনো পর্যায় এই টুর্নামেন্টে নেই। নেটিজেনদের টিপ্পনী— ভারতের কাছে হেরে মানসিক চাপে পড়ে গিয়েই হয়তো এশিয়া কাপ আর বিশ্বকাপের ফর্ম্যাট গুলিয়ে ফেলেছেন পাক অধিনায়ক।
এই ম্যাচে পাকিস্তানের রণকৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। ২০ ওভারের মধ্যে ১৮ ওভারই স্পিনারদের দিয়ে বল করিয়েছেন সলমন। কিন্তু শ্রীলঙ্কার স্পিন-সহায়ক উইকেটেও দাঁত ফোটাতে পারেননি তাঁরা। সলমন স্বীকার করে নিয়েছেন, “আমাদের স্পিনারদের দিনটা ভালো ছিল না। গত ছ’মাস ওরা ছন্দে থাকলেও আজ পরিকল্পনা কাজে লাগেনি।”
ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। অধিনায়ক মেনে নিয়েছেন, চাপের মুখে ভেঙে পড়াই তাঁদের হারের প্রধান কারণ। তাঁর কথায়, “দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা সহজ ছিল, কিন্তু আমরা পাওয়ার প্লে-তে পর পর উইকেট হারিয়ে চাপ সামলাতে পারিনি।”
ভারতের কাছে হেরে পাকিস্তান এখন গ্রুপ টেবিলের তিন নম্বরে। সুপার এইটে উঠতে গেলে শেষ ম্যাচে নামিবিয়াকে হারানো ছাড়া আর কোনো পথ নেই তাঁদের সামনে। কিন্তু মাঠের পারফরম্যান্সের চেয়ে এখন সলমনের ‘সুপার ফোর’ মন্তব্য নিয়েই বেশি চর্চা চলছে ক্রিকেট মহলে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন