নিজস্ব প্রতিনিধি: কলকাতা: রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘যুবসাথী’ নিয়ে বড় খবর। প্রথম দিনেই অফলাইন শিবিরে ভিড় উপচে পড়ায় সাধারণ মানুষের সুবিধার্থে এবার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করল নবান্ন। রবিবার রাত ১২টা থেকেই নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়েছে। মূলত অফলাইন ক্যাম্পের চাপ কমাতেই এই দ্রুত পদক্ষেপ।
কীভাবে আবেদন করবেন?
আবেদনকারীরা এখন থেকে সরাসরি https://apas.wb.gov.in পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
ধাপ ১: পোর্টালে ঢুকলে স্ক্রিনের ডানদিকে ‘বাংলার যুবসাথী’ বিকল্পটি দেখা যাবে।
ধাপ ২: সেখানে ‘Click to Apply’-তে গিয়ে ‘Apply Online’ অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ৩: নিজের মোবাইল নম্বর দিলে একটি ওটিপি (OTP) আসবে, যা দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে।
অনলাইনে আবেদনের সময় যে নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে:
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট।
আধার কার্ড ও ভোটার কার্ড।
জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
সাদা কাগজে আবেদনকারীর স্পষ্ট সই।
সরকারি পরিসংখ্যান বলছে, প্রথম দিনেই রাজ্য জুড়ে আয়োজিত ৭৬৯টি শিবিরে ব্যাপক সাড়া মিলেছে। মোট ৬ লক্ষ ২৯ হাজার মানুষের মধ্যে প্রায় ৫ লক্ষ ৬৬ হাজারই আবেদন করেছেন যুবসাথী ভাতার জন্য। এর পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার ও খেতমজুর ভাতার জন্যও বহু মানুষ খোঁজ নিয়েছেন।
গত ৫ ফেব্রুয়ারি বাজেটে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, ১ এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর হবে।
২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বা সর্বাধিক ৫ বছর মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।
নবান্নের পরামর্শ, অনলাইনে আবেদন সফল হওয়ার পর আবেদনপত্রের প্রতিলিপিটি (Printout) ডাউনলোড করে ভবিষ্যতের জন্য কাছে রাখুন।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন