আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া মানেই রহস্য আর কঠোর গোপনীয়তা। কিন্তু সেই রহস্যের প্রাচীর ভেদ করে সম্প্রতি একটি প্রশ্ন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে— কে হচ্ছেন কিম জং-উনের উত্তরসূরি? দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (NIS)-এর সাম্প্রতিক মূল্যায়ন বলছে, কিম জং-উন সম্ভবত তাঁর মেজ মেয়ে কিম জু-একেই পরবর্তী নেতা হিসেবে মনোনীত করার প্রক্রিয়া শুরু করেছেন।
২০২২ সালে একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) উৎক্ষেপণের সময় প্রথমবার বাবার হাত ধরে জনসমক্ষে আসেন কিশোরী জু। এরপর থেকে বড় বড় সামরিক কুচকাওয়াজ, রাষ্ট্রীয় অনুষ্ঠান, এমনকি গত সেপ্টেম্বর মাসে চীন সফরেও বাবার সঙ্গী হয়েছেন তিনি। গোয়েন্দা তথ্যের দাবি, জু-এ কেবল বাবার সঙ্গী হিসেবেই থাকছেন না, বরং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়েও মতামত দিচ্ছেন। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম তাঁকে এখন ‘আদরের কন্যা’ বা ‘প্রিয় কন্যা’ বলে সম্বোধন করছে।
বড় বড় সামরিক কুচকাওয়াজে কিম জং-উনের ঠিক পাশেই জু-এর অবস্থান বিশেষ তাৎপর্য বহন করে। বেইজিংয়ে শি জিন পিং ও পুতিনের উপস্থিতিতে সামরিক কুচকাওয়াজের সময় জু-এর অবস্থান বিশ্বনেতাদের নজর কেড়েছে। কিমের তিন সন্তানের মধ্যে জু-এ ছাড়া বাকিদের কখনো জনসমক্ষে আনা হয়নি। বিশেষজ্ঞদের ধারণা, বাকিরা হয়তো বিদেশে পড়াশোনা বা আড়ালে থেকে প্রশিক্ষণ নিচ্ছেন।
চলতি ফেব্রুয়ারির শেষের দিকে উত্তর কোরিয়ায় একটি বড় রাজনৈতিক সমাবেশ হওয়ার কথা রয়েছে। গত পাঁচ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় আয়োজন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা কড়া নজর রাখছেন এই সমাবেশে জু-একে কোনো আনুষ্ঠানিক পদবি দেওয়া হয় কি না, তার ওপর। যদি তাকে কোনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়, তবে উত্তরসূরি হওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে যাবে।
অবশ্য সব বিশেষজ্ঞই জু-একে উত্তরসূরি মানতে নারাজ। অনেকের মতে, এটি স্রেফ বিশ্বের মনোযোগ আকর্ষণের একটি কৌশল। কিম জং-উনের বয়স এখন মাত্র চল্লিশের কোঠায়। তাই ক্ষমতা হস্তান্তরের সময় আসতে এখনও অনেক দেরি। ইতিহাস বলছে, কিম পরিবারে উত্তরাধিকার নির্বাচন সবসময়ই নাটকীয়। তাই জু-এই শেষ পর্যন্ত ক্ষমতায় বসবেন কি না, তা সময়ই বলবে।
বিষয় : Kim Jong Un North Korea

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন