নিউটাউন সংলগ্ন টেকনোসিটি থানা এলাকায় দুই বাংলাদেশি নাগরিককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেফতার করা হলো এক বাংলাদেশি সহ দুজনকে। ধৃতদের নাম হুমায়ুন কবির এবং অচিন্ত্য পাল।
পুলিশ সূত্রে খবর, রাজীব লস্কর ও জুনায়েদ মিয়াঁ নামে দুই বাংলাদেশি যুবক বৈধ ভিসা নিয়েই কলকাতায় এসেছিলেন। তাঁদের পরিকল্পনা ছিল ভারত হয়ে তুরস্কে যাওয়ার। আর সেই সুযোগ নিয়েই জাল বিছিয়েছিল দালালের দল। অভিযোগ, পাসপোর্ট-ভিসা করিয়ে দেওয়ার নাম করে তাঁদের একটি হোটেলে আটকে রাখা হয় এবং তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভয় দেখিয়ে সেই টাকা বাংলাদেশের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অপহরণকারীদের অ্যাকাউন্টে ট্রান্সফারও করিয়ে নেয় তারা। কিন্তু লোভের শেষ এখানেই নয়, আরও টাকার দাবিতে চাপ দিতে শুরু করলে বিষয়টি পুলিশের কানে পৌঁছয়।
খবর পেয়েই টেকনোসিটি থানার পুলিশ ওই হোটেলে ঝটিকা অভিযান চালিয়ে অপহৃত দুই যুবককে উদ্ধার করে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ধৃত বাংলাদেশি নাগরিক হুমায়ুন কবিরই এই অপহরণের মূল চক্রী, যে কি না অচিন্ত্য পালের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে এই ফাঁদ পেতেছিল। ধৃতদের আজ বারাসাত আদালতে পেশ করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং লেনদেন সংক্রান্ত অন্য কোনও পুরনো বিবাদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে জেরা শুরু করেছে পুলিশ।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন