নদিয়া: আগামিকাল (বুধবার - ১৮ ফেব্রুয়ারি, ২০২৬) নদিয়া জেলার মায়াপুর ইস্কন মন্দিরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফর কেন্দ্র করে একদিকে যেমন প্রশাসনিক মহলে সাজো সাজো রব, অন্যদিকে তেমনি শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা।
সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুরে ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে পুজো দেবেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও পুলিশ ইতিমধ্যেই নিরাপত্তাব্যবস্থা নিশ্ছিদ্র করতে কোমর বেঁধে নেমেছে। মায়াপুর ও সংলগ্ন এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। ভিড় এড়াতে এবং মন্ত্রীর কনভয় যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন রুটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। মন্দির চত্বর ও যাতায়াতের পথে বসানো হয়েছে বিশেষ ব্যারিকেড।
অমিত শাহের এই সফর কেন্দ্র করে ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন স্থানীয় লোকসভা সাংসদ মহুয়া মৈত্র। রাজনৈতিক মহলে এই সফর নিয়ে যে জল্পনা চলছে, তাকে আরও উস্কে দিয়েছেন তিনি। সাংসদ মহুয়া মৈত্রের মতে, কোনও ধর্মীয় স্থানে যাওয়া সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় হলেও, নির্বাচনের ঠিক আগে এই সফরের নেপথ্যে কোনও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কিনা, তা সাধারণ মানুষই বিচার করবে।
এই প্রেক্ষাপটে ভোটের আবহে হেভিওয়েট কেন্দ্রীয় নেতার মায়াপুর সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ধর্মীয় আবেগ ছুঁয়ে রাজনৈতিক সমীকরণ সাজানোর চেষ্টা চলছে কিনা, তা নিয়ে চায়ের দোকানেও শুরু হয়েছে আলোচনা।
বিষয় : Mayapur NADIA AMIT SHAH LAKSABHA SANGSAD

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন