বারাকপুর: সাতসকালে মাংস কিনতে গিয়ে চরম নৃশংসতার শিকার হলেন এক প্রাক্তন নৌ-সেনা কর্মী। বারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে মোহনপুর মোড় এলাকায় এক প্রৌঢ়ের পেটে মাংস কাটার চপার ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বুধবারের এই রক্তক্ষয়ী ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আহত ব্যক্তির নাম দীপঙ্কর সরকার (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মোহনপুর মোড়ে একটি মাংসের দোকানে মাংস কিনছিলেন দীপঙ্করবাবু। সেই সময় আচমকাই বছর পঁচিশের এক যুবক, যার নাম শ্যাম পাসওয়ান, সেখানে এসে উপস্থিত হয়। উপস্থিত লোকজন কিছু বুঝে ওঠার আগেই দোকানে রাখা মাংস কাটার ধারালো চপার তুলে নিয়ে সরাসরি দীপঙ্করবাবুর পেটে গেঁথে দেয় ওই যুবক। অতর্কিত এই আক্রমণে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই প্রাক্তন নৌ-সেনা কর্মী।
গুরুতর জখম অবস্থায় দীপঙ্করবাবুকে উদ্ধার করে প্রথমে বারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় পরবর্তীকালে তাঁকে বারাকপুর বেস হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মোহনপুর থানার পুলিশ। অভিযুক্ত শ্যাম পাসওয়ানকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তবে ঠিক কী কারণে ওই যুবক এমন ভয়াবহ আক্রমণ চালাল, তা এখনও স্পষ্ট নয়। ধৃত যুবকের মানসিক ভারসাম্য ঠিক আছে কি না, কিংবা দীপঙ্করবাবুর সঙ্গে তার আগে থেকে কোনও শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন