রঘুনাথগঞ্জ: সাতসকালে আমবাগান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের খড়িবোনা বটতলা এলাকায়। মৃত ব্যক্তির নাম আলম শেখ (৪৫)। মঙ্গলবার থেকে নিখোঁজ থাকার পর বুধবার সকালে উদ্ধার হল তাঁর নিথর দেহ।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার থেকেই আলম শেখের কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সমস্ত জায়গায় তল্লাশি চালিয়েও মেলেনি সন্ধান। বুধবার সকালে এলাকার এক মহিলা স্থানীয় একটি আমবাগানের ভিতর এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি চিৎকার করে গ্রামবাসীদের ডাকেন। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আলম শেখকে উদ্ধার করে দ্রুত জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শরীরের কোথাও আঘাতের চিহ্ন ছিল কি না বা এটি খুনের ঘটনা কি না— তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি অস্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে। আপাতত পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে খড়িবোনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন