আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ টালবাহানা আর আইনি টানাপড়েনের পর অবশেষে গ্রেফতার হলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। বৃহস্পতিবার ভোরে পূর্ব ইংল্যান্ডের উড ফার্ম থেকে তাঁকে হেফাজতে নেয় পুলিশ। কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতা এবং যৌন কেচ্ছায় নাম জড়ানোর অভিযোগে ৬৫ বছর বয়সী এই প্রাক্তন ব্রিটিশ রাজপুত্রের গ্রেফতারিতে তোলপাড় শুরু হয়েছে গোটা বিশ্বে।
টেমস ভ্যালি পুলিশ সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই অভিযান চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ৬টি গাড়িতে করে সাদা পোশাকের পুলিশকর্মীরা উড ফার্মে পৌঁছন এবং সেখান থেকেই অ্যান্ড্রুকে গ্রেফতার করা হয়। গত সপ্তাহেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে তবেই অ্যান্ড্রুর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করা হবে। আজকের এই গ্রেফতারিতেই স্পষ্ট, তদন্তকারীরা তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ হাতে পেয়েছেন।
এপস্টিন কাণ্ডে নাম জড়ানোর পর থেকেই রাজ পরিবারের ভিতরে কোণঠাসা হয়ে পড়েছিলেন অ্যান্ড্রু। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে রাজা চার্লস তাঁর ভাইয়ের সমস্ত রাজকীয় খেতাব এবং সম্মাননা কেড়ে নেন। তাঁকে ঐতিহ্যবাহী বাকিংহাম রাজপ্রাসাদ ছেড়ে বিকল্প বাসস্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে তাঁর পরিচয় রাজকুমার বা ‘ডিউক অফ ইয়র্ক’ নয়। বরং, এখন তিনি একজন সাধারণ নাগরিক। যাঁর নাম - অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর।
অ্যান্ড্রুর বিরুদ্ধে সবথেকে গুরুতর অভিযোগ তুলেছিলেন ভার্জিনিয়া জিওফ্রে নামের এক মহিলা। তাঁর দাবি ছিল, এপস্টিনের মাধ্যমে নাবালিকা অবস্থায় তিনি অ্যান্ড্রুর দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। যদিও রানি দ্বিতীয় এলিজাবেথের তৃতীয় সন্তান অ্যান্ড্রু বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। তবুও, আন্তর্জাতিক মহলে চাপের মুখে পড়ে চলতি মাসেই তিনি নিজের অবশিষ্ট রাজখেতাবগুলিও ত্যাগ করতে বাধ্য হন।
প্রাসাদ ত্যাগের পর প্রাক্তন স্ত্রী সারা ফার্গুসনের সঙ্গে সান্ড্রিংহাম এস্টেটের একটি অংশে থাকছিলেন অ্যান্ড্রু। রাজা চার্লসের মালিকানাধীন এই এস্টেটে ভাইয়ের যাবতীয় খরচ রাজাই বহন করছিলেন। তবে, গ্রেফতারি প্রসঙ্গে রাজ পরিবারের তরফে সরাসরি মন্তব্য না করা হলেও জানানো হয়েছে, যে কোনও ধরনের নিগ্রহের শিকার ব্যক্তিদের প্রতি রাজ পরিবারের গভীর সমবেদনা রয়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন