কলকাতা: উত্তর ২৪ পরগনার বনগাঁর নয়াগোপালগঞ্জের একটি মঞ্চানুষ্ঠানকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এবার চরমে। টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী এবং অনুষ্ঠানের উদ্যোক্তা জ্যোতিষী তনয় শাস্ত্রীর বিবাদ এখন আইনি লড়াইয়ের ময়দানে। শ্লীলতাহানি ও মানহানির অভিযোগে মিমি ২ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছেন তনয়কে। অন্যদিকে, তনয়ও মিমির বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণের দাবি তুলেছেন।
মিমি চক্রবর্তীর আইনজীবী আদিত্য কানোডিয়া জানিয়েছেন, গত ৪ ফেব্রুয়ারি তনয় শাস্ত্রীকে ২ কোটি টাকার একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। অভিনেত্রীর অভিযোগ, অনুষ্ঠানের দিন তনয় শাস্ত্রী তাঁর সঙ্গে যে অভব্য আচরণ করেছেন, তাতে তাঁর সামাজিক সম্মান ধুলিসাৎ হয়েছে। তিনি চরম মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিপূর্বেই আদালতে নিজের গোপন জবানবন্দিও দিয়েছেন মিমি।
অন্যদিকে, জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পর দমে যাননি জ্যোতিষী তনয় শাস্ত্রীও। তাঁর দাবি, মিমি চক্রবর্তী নিজেই চুক্তিভঙ্গ করেছেন। তনয়ের অভিযোগগুলি হল, অনুষ্ঠানের দিন মিমির রাত ৯টায় মঞ্চে ওঠার কথা থাকলেও তিনি পৌনে ১২টায় স্টেজে ওঠেন। এছাড়াও, জনসমক্ষে মিমি তাঁকে অপমান করেছেন এবং অকারণে পুলিশি হেনস্থার শিকার করেছেন। এরই প্রেক্ষিতে তিনি মিমির কাছে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পারিশ্রমিক বাবদ দেওয়া ২ লক্ষ ৬৫ হাজার টাকা ফেরত চেয়েছেন।
উল্লেখ্য, নয়াগোপালগঞ্জ যুবক সঙ্ঘ ক্লাবের সেই অনুষ্ঠানে মিমি গান গাওয়ার সময় তনয় শাস্ত্রী আচমকা স্টেজে উঠে তাঁকে নেমে যেতে বলেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় অপমানিত বোধ করে মিমি লিখিত অভিযোগ জানানোর পর পুলিশ তনয়কে গ্রেফতার করেছিল। বর্তমানে জামিনে মুক্ত হয়ে তনয় পাল্টা আইনি পথে হাঁটায় টলিপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে।
দুই পক্ষের আইনজীবীর এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন