বেলদা: ঝাড়গ্রাম ভ্রমণ সেরে ফেরার পথে মর্মান্তিক পরিণতি। বেলদা-কাঁথি রাজ্য সড়কের খাকুরদা এলাকায় লরি ও ওমনি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ২ জন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ওমনি ভ্যানে চালকসহ মোট ৫ জন আরোহী ছিলেন। তাঁরা ঝাড়গ্রাম ভ্রমণ শেষ করে বেলদার দিক থেকে রামনগরের অভিমুখে যাচ্ছিলেন। খাকুরদা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লরি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ওমনি ভ্যানটিতে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, দুটি গাড়িই ছিটকে গিয়ে রাজ্য সড়কের পাশের নয়ানজুলিতে পড়ে যায়।
ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ। তাঁরাই নয়ানজুলি থেকে আহত ও মৃতদের উদ্ধার করেন। আহত ৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে, তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। মৃত ও আহতদের বাড়ি রামনগর থানা এলাকায় হলেও এখনও তাঁদের নাম-পরিচয় স্পষ্ট করেনি পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন