স্মার্টফোন শুধু প্রযুক্তির হাতিয়ার নয়, আজকের দিনে ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্কিং লেনদেন থেকে শুরু করে নিত্যদিনের যোগাযোগ—সবকিছুর ভরসা। কিন্তু খুব কম মানুষই জানেন, ফোনেরও একটি নির্দিষ্ট আয়ু আছে। সেই সময়সীমা পেরিয়ে গেলে ডিভাইসটি পুরোপুরি অকেজো না হলেও তার নিরাপত্তা ভেঙে পড়ে। আর সেই সুযোগই কাজে লাগাচ্ছে হ্যাকাররা।
প্রযুক্তি সংস্থাগুলি ফোন বাজারে আনার সময়ই জানিয়ে দেয় কত বছর পর্যন্ত সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট দেওয়া হবে। সাধারণত পাঁচ থেকে সাত বছর পর্যন্ত এই আপডেট পাওয়া যায়। ওই সময়ের মধ্যে নতুন ফিচার যুক্ত হয়, সঙ্গে আসে গুরুত্বপূর্ণ সিকিউরিটি প্যাচ, যা ফোনকে ভাইরাস ও হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা করে।
কিন্তু নির্দিষ্ট মেয়াদ শেষ হলে আপডেট বন্ধ হয়ে যায়। তখন ফোনে নতুন কোনও সুরক্ষা যোগ হয় না। সিস্টেমে যদি কোনও দুর্বলতা থেকে যায়, তা আর ঠিক করার সুযোগ থাকে না। হ্যাকাররা সহজেই সেই ফাঁকফোকর ব্যবহার করে ফোনে ঢুকে পড়তে পারে।
ফোন একবার হ্যাক হলে বিপদ ভয়ঙ্কর। ব্যাঙ্কিং অ্যাপ, ওটিপি, ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি—সবই চলে যেতে পারে হ্যাকারদের হাতে। এমনকি আর্থিক ক্ষতির আশঙ্কাও প্রবল।
বিশেষজ্ঞদের মতে, যেই মুহূর্তে বুঝবেন আপনার ফোনে আর আপডেট আসছে না, তখনই নতুন ডিভাইসে বদলানোর কথা ভাবা উচিত। নিয়মিত আপডেট পাওয়া মানেই বাড়তি সুরক্ষা। ব্যক্তিগত তথ্য ও অর্থ সুরক্ষিত রাখতে আপডেট থাকা ফোন ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন