ক্যানিং: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়তে না পড়তেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর বুথ এলাকায় বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
বিজেপির অভিযোগ, নির্বাচনের লক্ষ্যে তারা ওই এলাকায় দেওয়াল লিখন করেছিল। কিন্তু রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই দেওয়াল মুছে দিয়েছে। গেরুয়া শিবিরের দাবি, এলাকায় সন্ত্রাস কায়েম করতেই এই কাজ করা হয়েছে।
অন্যদিকে, এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের পাল্টা দাবি, বিজেপি ওই ব্যক্তির বাড়ির দেওয়াল দখল করেছিল বাড়ির মালিকের কোনও অনুমতি ছাড়াই। তৃণমূলের এই দাবিতে সায় দিয়েছেন খোদ বাড়ির মালিকও। তাঁদের বক্তব্য, বিনা অনুমতিতে তাঁদের বাড়ির দেওয়াল রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। সেই কারণেই তাঁরা পুলিশকে জানিয়ে নিজেরাই ওই দেওয়াল মুছে দিয়েছেন।
যদিও বিজেপির পালটা যুক্তি, তৃণমূলের সন্ত্রাসের ভয়েই এখন বাড়ির মালিককে দিয়ে এই ধরনের বয়ান দেওয়ানো হচ্ছে। ক্যানিং থানার পুলিশ পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে ভোট আসার অনেক আগেই দেওয়াল দখলকে কেন্দ্র করে ক্যানিংয়ের এই সংঘাত বড়সড় রাজনৈতিক লড়াইয়েরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন