কলকাতা: রাজ্যের বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে রাজ্যে বাহিনী আসা শুরু হবে। মোট ৪৮০ কোম্পানি বাহিনীকে দুই দফায় ভাগ করে মোতায়েন করা হচ্ছে। যথা -
প্রথম দফা (১ মার্চ): এই দফায় মোট ২৪০ কোম্পানি বাহিনী আসবে। যার মধ্যে রয়েছে ১১০ কোম্পানি সিআরপিএফ (CRPF), ৫৫ কোম্পানি বিএসএফ (BSF), ২৭ কোম্পানি আইটিবিপি (ITBP), ২৭ কোম্পানি এসএসবি (SSB) এবং ২১ কোম্পানি সিআইএসএফ (CISF)।
দ্বিতীয় দফা (১০ মার্চ): এই দফায় আরও ২৪০ কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছাবে। এর মধ্যে থাকবে ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ১৯ কোম্পানি এসএসবি এবং ১৬ কোম্পানি সিআইএসএফ।
আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে সংশোধিত ভোটারতালিকা প্রকাশিত হওয়ার কথা। ঠিক তার পরদিন থেকেই কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের শব্দ শোনা যাবে বাংলার রাস্তায়। ২০২১ সালের নির্বাচনে রাজ্যে মোট ১,১০০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং ভোট হয়েছিল আট দফায়। তবে, এবার রাজ্য নির্বাচন কমিশন (CEO) চাইছে, এক দফাতেই ভোট সম্পন্ন করতে। এই মর্মে দিল্লির সদর দফতরে প্রস্তাবও পাঠানো হয়েছে। কমিশন সূত্রের খবর, ভোট কত দফায় হবে, তা মূলত নির্ভর করবে কেন্দ্রীয় বাহিনীর পর্যাপ্ততা এবং উপস্থিতির উপর।
ইতিমধ্যেই রাজ্য প্রশাসনকে অতি স্পর্শকাতর এবং ঝুঁকিপূর্ণ বুথগুলি চিহ্নিত করার নির্দেশ দিয়েছে কমিশন। প্রাথমিকভাবে ৪৮০ কোম্পানি বাহিনী মূলত সেই এলাকাগুলিতেই রুট মার্চ এবং এরিয়া ডমিনেশনের কাজ শুরু করবে। যাতে ভোটারদের মনে আস্থা ফেরানো যায়।
সূত্র অনুযায়ী, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গ সহ কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বা দিনক্ষণ ঘোষণা হতে পারে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন