বোলপুর: বিশ্বভারতীর পর এবার শান্তিনিকেতনের সোনাঝুরির জঙ্গলেও বসন্ত উৎসব ও রং খেলার উপর জারি হতে চলেছে কঠোর নিষেধাজ্ঞা। সংশ্লিষ্ট অরণ্যের বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষার্থেই এই সিদ্ধান্ত নিতে চলেছে বন দফতর। ইতিমধ্যেই এই বিষয়ে বীরভূমের জেলাশাসক ধবল জৈনকে চিঠি দিয়েছেন বিশিষ্ট পরিবেশকর্মী সুভাষ দত্ত।
গত কয়েক বছর ধরে শান্তিনিকেতনে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বসন্ত উৎসব বন্ধ থাকায় দোলের দিন পর্যটকদের ঢল নামে সোনাঝুরির খোয়াই হাটে। অভিযোগ, বিপুল জনসমাগমের ফলে বনের ভিতর চারচাকা ও বাইক প্রবেশ করিয়ে গাছপালার ক্ষতি করা হচ্ছে, ছড়াচ্ছে প্লাস্টিক বর্জ্য। এই পরিস্থিতিতে বীরভূমের জেলাশাসক ধবল জৈন স্পষ্ট জানিয়েছেন, "জঙ্গলের ক্ষতি হলে কোনওভাবেই তাতে প্রশ্রয় দেওয়া হবে না।" বোলপুরের রেঞ্জ অফিসার জ্যোতিষ বর্মণও নিশ্চিত করেছেন, গত বছরের মতো এবারও জঙ্গলের ভিতর দোল খেলা নিষিদ্ধ থাকছে।
পরিবেশকর্মী সুভাষ দত্ত জেলাশাসককে পাঠানো ইমেল বার্তায় উল্লেখ করেছেন, সোনাঝুরির খোয়াই হাটটি বেআইনিভাবে বনভূমির উপর অবস্থিত এবং এই সংক্রান্ত মামলা বর্তমানে জাতীয় পরিবেশ আদালতে বিচারাধীন। তাঁর দাবি, "অরণ্যভূমিতে কোনওভাবেই অরণ্য-বহির্ভূত কার্যকলাপ চলতে দেওয়া উচিত নয়। প্রশাসন পদক্ষেপ না করলে বিষয়টি আবারও আদালতের নজরে আনা হবে।"
বিশ্বভারতী কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়েছে, হেরিটেজ তকমা পাওয়ার পর ঐতিহ্য রক্ষায় দোলের দিন ক্যাম্পাসে কোনও উৎসব হবে না। তবে, আগামী ৬ মার্চ ঘরোয়াভাবে বসন্ত উৎসব পালিত হবে। পর্যটকদের কথা মাথায় রেখে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানিয়েছেন, "বিশ্বভারতী উৎসব বন্ধ রাখলেও বোলপুর শহরের প্রতিটি ওয়ার্ডে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। ফলে পর্যটকরা নিরাশ হবেন না এবং স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থও রক্ষিত হবে।"
খোয়াই হাট কমিটির সম্পাদক তন্ময় মিত্রও জানিয়েছেন, তাঁরা দোলের দিন কোনও উৎসবের আয়োজন করছেন না। পর্যটকরা যাতে জঙ্গলে প্রবেশ না করেন, সেই বিষয়ে প্রশাসনের কাছে কড়া নজরদারির আবেদন জানিয়েছেন তাঁরাও।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন