নয়াদিল্লি: দেশজুড়ে ভোটারতালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর রাজস্থান, ছত্তীসগড়, গোয়া এবং কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার প্রকাশিত এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বড় রাজ্যগুলিতে কয়েক লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। বিশেষত রাজস্থান ও ছত্তীসগড়ে ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
বিজেপিশাসিত রাজস্থানে সংশোধনী প্রক্রিয়া শুরুর আগে ভোটার সংখ্যা ছিল ৫ কোটি ৪৬ লক্ষ ৫৬ হাজার ২১৫ জন। চূড়ান্ত তালিকায় তা দাঁড়িয়েছে ৫ কোটি ১৫ লক্ষ ১৯ হাজার ৯২৯ জনে। অর্থাৎ, আগের তুলনায় মোট ৩১ লক্ষ ৩৬ হাজার ২৮৬ জন ভোটারের নাম বাদ গিয়েছে। তবে, খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় ১০ লক্ষ ৪৮ হাজার ৬০৫ জন ভোটার বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, ছত্তীসগড়ে ভোটারের সংখ্যা ২ কোটি ১২ লক্ষ ৩০ হাজার ৭৩৭ থেকে কমে হয়েছে ১ কোটি ৮৭ লক্ষ ৩০ হাজার ৯১৪। এখানে মোট ২৪ লক্ষ ৯৯ হাজার ৮২৩ জন ভোটারের নাম কাটা পড়েছে। খসড়া তালিকার চেয়ে চূড়ান্ত তালিকায় ভোটার বেড়েছে ২ লক্ষ ৩৪ হাজার ৯৯৪ জন।
পর্যটননির্ভর রাজ্য গোয়াতেও ভোটারতালিকায় বড়সড় পরিবর্তন এসেছে। সেখানে ১ লক্ষ ২৭ হাজার ৪৬৮ জনের নাম বাদ গিয়েছে। চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৫৭ হাজার ৫৬৬। একইভাবে কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ৩ লক্ষ ১০ হাজার ৪০৪ জন ভোটার থেকে কমে এখন চূড়ান্ত সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার ৪০। এখানে বাদ পড়েছেন ৫২ হাজার ৩৬৪ জন।
বিহারের পর পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে এই নিবিড় সংশোধনের কাজ শুরু করেছিল কমিশন। গুজরাত, পুদুচেরি ও লক্ষদ্বীপের পর শনিবার আরও চার রাজ্যের তালিকা মিলল। তবে, সাধারণ মানুষের নজর এখন পশ্চিমবঙ্গের দিকে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের এসআইআর পরবর্তী চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশিত হবে।
বিষয় : SIR West Bengal ANDAMAN RAJASTHAN VOTERLIST

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন