ভাঙড়: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফের রাজনৈতিক অশান্তি তুঙ্গে। এবার ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূল নেতা সওকাত মোল্লার গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ার অভিযোগ উঠল। পোলেরহাট থানার একেবারে ঢিল ছোড়া দূরত্বে এই হামলার ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে গভীর রাত থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বিধায়ক সওকাত মোল্লার দাবি, দক্ষিণ গাজিপুরে তৃণমূল নেতা খাইরুল ইসলামের ওপর হামলার ঘটনায় পোলেরহাট থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বাড়ি ফেরার পথেই তাঁর গাড়ি লক্ষ্য করে আচমকা হামলা চালানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা এবং বোমার সুঁতুলি উদ্ধার করেছে। এই ঘটনায় বিধায়ক নিজেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিধায়ক সওকাত মোল্লা সরাসরি এই হামলার পিছনে আইএসএফ (ISF) কর্মীদের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইএসএফ-এর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার খবর পাওয়ামাত্রই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পোলেরহাট থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি কোথা থেকে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে। এলাকার শান্তি বজায় রাখতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন