নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি: সপ্তাহর শুরুতেই ফের বোমাতঙ্কে কাঁপল রাজধানী। দিল্লির দুটি নামী কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ই-মেলের মাধ্যমে বোমা মারার হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তড়িঘড়ি খালি করে দেওয়া হয়েছে স্কুল চত্বর।
পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে আর্মি পাবলিক স্কুল এবং এয়ার ফোর্স বাল ভারতী—এই দুই স্কুলে হুমকি ভরা ই-মেল আসে। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানামাত্রই পুলিশে খবর দেয়। তড়িঘড়ি স্কুলে পৌঁছায় দিল্লি পুলিশ, বোম্ব ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড এবং দমকল বাহিনী।
পড়ুয়া ও শিক্ষাকর্মীদের সুরক্ষার খাতিরে দ্রুত স্কুল দুটি খালি করে দেওয়া হয়। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন:
"সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। তবে হুমকি ই-মেলের উৎস খুঁজতে সাইবার সেলের সাহায্য নেওয়া হচ্ছে।"
দিল্লিতে স্কুলগুলোতে এই ধরনের হুমকি ই-মেল আসা এখন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই রাজধানীর ১৩টি স্কুলে একই ধরনের হুমকি বার্তা পাঠানো হয়েছিল। বারবার এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এখনও পর্যন্ত এই ধরনের ই-মেল প্রেরকদের নাগাল পায়নি দিল্লি পুলিশ।
কে বা কারা এই ভুয়ো আতঙ্ক ছড়িয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে আজকের ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম উৎকণ্ঠা লক্ষ্য করা গেছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন