ঢাকা: বাংলাদেশের প্রশাসনে বড়সড় রদবদল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলামকে তাঁর পদ থেকে সরিয়ে দিলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তাজুলের স্থলাভিষিক্ত হচ্ছেন আইনজীবী মহম্মদ আমিনুল ইসলাম।
২০২৪ সালের ৫ই অগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার তাজুল ইসলামকে এই পদে নিয়োগ করেছিল। তাঁর হাত ধরেই ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। সরকারের পক্ষে প্রথম সওয়াল করে হাসিনার মৃত্যুদণ্ড নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অগ্রণী। উল্লেখ্য, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের অপরাধে অভিযুক্ত জামাত নেতাদের হয়েও অতীতে আদালতে সওয়াল করেছিলেন এই তাজুল ইসলাম।
তাজুলের নিয়োগ বাতিল করে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে মহম্মদ আমিনুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমিনুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন এবং সুযোগ-সুবিধা পাবেন। তবে কী কারণে হঠাৎ তাজুলকে সরানো হলো, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি। তাজুল নিজেও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ভোটে নিরঙ্কুশ জয়ের পর গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তারপর থেকেই প্রশাসনে একের পর এক রদবদল করছেন তিনি। শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে এখন তাঁর সরকার কী অবস্থান নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল। এর আগে অন্তর্বর্তী সরকার একাধিকবার নয়াদিল্লিকে চিঠি দিলেও ভারত সরকার এখনও হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনো চূড়ান্ত জবাব দেয়নি।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন