মেক্সিকো: অবসান হলো এক রক্তাক্ত অধ্যায়ের। মেক্সিকোর সেনার অভিযানে খতম হলো বিশ্বের অন্যতম কুখ্যাত মাদক পাচারকারী এবং 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল'-এর প্রধান এল মেনচো। মার্কিন প্রশাসনের হিটলিস্টে থাকা এই ড্রাগ লর্ডের মাথার দাম ছিল দেড় কোটি ডলার (১৫ মিলিয়ন ডলার)। তাঁর মৃত্যুর খবর চাউর হতেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা মেক্সিকো।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, জালিস্কো শহরে মেক্সিকান সেনা এক বিশাল মাদক বিরোধী অভিযান চালায়। এই অভিযানে সেনার দেওয়া তথ্যে নেপথ্য মদত ছিল খোদ মার্কিন গোয়েন্দাদের। গুলির লড়াই চলাকালীন গুরুতর জখম হন এল মেনচো। তাঁকে উন্নত চিকিৎসার জন্য আকাশপথে মেক্সিকো সিটিতে নিয়ে আসার সময় মাঝ আকাশেই তাঁর মৃত্যু হয়। এই অভিযানে এল মেনচোর ৬ সঙ্গীও নিহত হয়েছে এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে রকেট লঞ্চারসহ অত্যাধুনিক সব মারণাস্ত্র।
এল মেনচোর মৃত্যুর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই জ্বলে ওঠে মেক্সিকো। নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে বন্দুক হাতে রাস্তায় নামে কার্টেলের সশস্ত্র সদস্যরা। পশ্চিম জালিস্কোর ২০টিরও বেশি রাস্তা অবরোধ করেছে তারা। রাস্তায় থাকা বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ক্ষোভের আগুন ছড়িয়েছে প্রতিবেশী রাজ্যগুলিতেও। এমনকি বিমানবন্দরের ভেতরে ঢুকেও তাণ্ডব চালিয়েছে উন্মত্ত কার্টেল সদস্যরা।
পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম দেশবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসন একযোগে কাজ করছে। সংঘর্ষে তিন সেনা জওয়ান আহত হয়েছেন বলে খবর। আমেরিকার ঘোষিত এই ‘সন্ত্রাসবাদী’ সংগঠনের প্রধানকে নিকেশ করাকে মেক্সিকো প্রশাসনের বড় জয় হিসেবে দেখা হচ্ছে, যদিও তার পরবর্তী সহিংসতা এখন চিন্তার মূল কারণ।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন