কাবুল ও ইসলামাবাদ: গত শনিবারের হামলার ক্ষত শুকোনোর আগেই পাল্টা মারে প্রত্যাঘাত করল আফগানিস্তান। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে সরাসরি বিমান হামলা চালানোর দাবি করল আফগান সেনা। তাদের দাবি, এই বিধ্বংসী হামলায় অন্তত ৫০ জন পাক সেনা নিহত হয়েছেন। হামলার পর নিজেদের সরকারি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে আফগান সেনার কড়া হুঁশিয়ারি, “এই লড়াই থামবে না।”
গত শনিবার গভীর রাতে আফগানিস্তানের পক্তিকা ও নাঙ্গরহার প্রদেশে এফ-১৬ এবং জেএফ-১৭ যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করেছিল পাকিস্তান। সেই হামলায় শিশু ও মহিলাসহ ১৯ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়। যদিও পাকিস্তান দাবি করেছিল তারা জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে। কিন্তু, তালিবান সরকার সেই দাবি উড়িয়ে দিয়ে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। মঙ্গলবার রাতের এই হামলা সেই হুঁশিয়ারিরই বাস্তব রূপায়ণ বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকেই পাক-আফগান সীমান্তে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়েছে। সীমান্তের একাধিক জায়গায় আফগান সেনাছাউনি লক্ষ্য করে শেলিং চালিয়েছে পাক বাহিনী। বিশেষ করে জকা খেল, ভারঘা, শাহকোট এবং লান্ডি কোটাল অঞ্চলে হামলা জোরদার করেছে পাকিস্তান। পাল্টা হামলায় সীমান্ত সংলগ্ন এলাকাগুলি এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে।
আফগান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তান নিজেদের অক্ষমতা ঢাকতে নিরীহ নাগরিকদের উপর হামলা চালিয়েছিল। যার যোগ্য জবাব দেওয়া হয়েছে। হুরিয়ত রেডিয়োর দাবি অনুযায়ী, আফগান বাহিনী অত্যন্ত নিখুঁতভাবে পাক সেনাছাউনিগুলি লক্ষ্য করে আঘাত হেনেছে। তবে, এই ভয়াবহ ক্ষয়ক্ষতির দাবি নিয়ে এখনও পর্যন্ত ইসলামাবাদের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাক হামলার তীব্র নিন্দা জানিয়ে আফগানিস্তানের পাশে থাকার বার্তা দিয়েছে নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সার্বভৌমত্ব লঙ্ঘন করে নিরীহ নাগরিকদের উপর এই ধরনের হামলা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।
বিশেষজ্ঞদের মতে, এই বিমান হামলা পাক-আফগান সম্পর্কের সমীকরণ আমূল বদলে দিতে পারে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এখন সরাসরি আকাশপথে যুদ্ধে রূপ নেওয়ায় দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বিষয় : Pakistan afghanistan air strike

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন